দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং পৌরসভায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট পাহাড় ধসে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৩৪ জন। ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
শুক্রবার রাতের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটে ছোংছিংয়ের ফেংশুই মিয়াও ও থুচিয়া স্বায়ত্তশাসিত কাউন্টির হানচিয়া উপজেলায় এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে পাহাড়ের পাদদেশে থাকা ১০টিরও বেশি আবাসিক ভবন মাটিচাপা পড়ে এবং বহু মানুষ আটকা পড়ে।
ফেংশুই কাউন্টির প্রধান রেন সুচিয়াং জানান, স্থানীয় জরুরি সেবা, দমকল বিভাগ পুলিশ, স্বাস্থ্য বিভাগ এবং ভূমি ও সম্পদ বিভাগসহ বিভিন্ন সংস্থার দুই শতাধিক উদ্ধারকর্মী এবং ৪০টি উদ্ধার সরঞ্জাম নিয়ে অভিযান শুরু হয়। পরে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও ছোংছিং কর্তৃপক্ষের সমন্বয়ে ৬৮০ জনের বেশি পেশাদার উদ্ধারকর্মী ঘটনাস্থলে যোগ দেন।
আরও ভূমিধসের আশঙ্কায় দুর্ঘটনাস্থলের আশপাশ থেকে ১ হাজার ১০০ জনেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আহতদের চিকিৎসা চলছে ফেংশুই কাউন্টি পিপলস হাসপাতালে। আহত কমিউনিটি কর্মী ফেং তি জানান, নিয়মিত নিরাপত্তা টহলের সময় পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়তে দেখে তিনি ও তার সহকর্মীরা দ্রুত বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করেন। অনেককে নিরাপদে সরিয়ে নেওয়ার পর একটি ভবন ধসে পড়লে তিনি নিজেও আহত হন।
আহত বাসিন্দা রান শিফাং বলেন, ফেং তির সতর্কবার্তা শুনে তিনি দ্রুত ভবন থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। কিছু দূর যাওয়ার পরই ভবনটি ধসে পড়ে।
সূত্র: সিএমজি




















