‘তরুণ আমেরিকানদের কাছে চীন কোনো হুমকি নয়’ - Mati News
Sunday, August 16

‘তরুণ আমেরিকানদের কাছে চীন কোনো হুমকি নয়’

তরুণ প্রজন্মের আমেরিকানরা চীনকে হুমকি হিসেবে দেখার সম্ভাবনা কম; কারণ তারা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মতো অভ্যন্তরীণ সমস্যাগুলোর দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। বুধবার যুক্তরাষ্ট্রে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য মিলেছে।

‘জেনজিরা চীনকে নিয়ে উদ্বিগ্ন নয়’ শীর্ষক ওই প্রতিবেদনে ‘শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স’ জানিয়েছে যে, বিভিন্ন বয়সের আমেরিকানদের মধ্যে চীনের প্রতি দৃষ্টিভঙ্গি ক্রমশ ইতিবাচক হয়ে উঠছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ তরুণ আমেরিকান চীনকে যুক্তরাষ্ট্রের জন্য কোনো ‘হুমকি’ হিসেবে মনে করে না; বরং তারা বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ও সম্পৃক্ততার নীতিকেই সমর্থন করে।

প্রতিবেদনটির সিদ্ধান্তগুলো দুটি জনমত জরিপের তথ্যের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে: একটি হলো শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স, ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) এবং বৈশ্বিক জরিপ সংস্থা ‘ইপসোস’-এর যৌথ উদ্যোগে এ বছরের ১৩ থেকে ১৫ মার্চ পরিচালিত দেশব্যাপী জরিপ, যেখানে সব বয়সের ১ হাজার ২৫ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নিয়েছিলেন। অন্যটি হলো শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের ২০২৫ সালের জরিপ, যাতে সারা দেশ থেকে ২ হাজার ১৪৮ জন উত্তরদাতা অংশ নিয়েছিলেন।

জরিপগুলোতে ‘জেনজি’ বলতে ১৯৯৭ থেকে ২০১৩ সালের মধ্যে জন্মগ্রহণকারীদের বোঝানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সোশ্যাল মিডিয়ার ব্যাপক ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মের কাছে চীনা সংস্কৃতির সংস্পর্শে আসা একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উঠে এসেছে, যার মধ্যে অন্যতম হলো—যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মের কাছে চীনের উন্নয়নকে হুমকি হিসেবে দেখার প্রবণতা কম।

একই সাথে, তরুণ আমেরিকানরা সাধারণত চীনের প্রতি কঠোর নীতিমালার বিরোধিতা করে: ‘জেনজি’দের ৬৪ শতাংশ চীনা শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার ওপর বিধিনিষেধ আরোপের বিরোধিতা করে; ৬৬ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের বিপক্ষে; এবং ৬৯ শতাংশ যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যের পরিসর কমানোর বিষয়টিকে সমর্থন করে না।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *