চীনকে শক্তিশালী আধুনিক সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা এবং জাতীয় পুনরুজ্জীবনের লক্ষ্য অর্জনে বৃহত্তর দেশপ্রেমিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দেশটির শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং।
সোমবার বেইজিংয়ে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ওয়াং হুনিং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং চীনা জনগণের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান।
ওয়াং বলেন, গত ৭৭ বছরে সিপিসির নেতৃত্বে চীন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে ২০১২ সালে সিপিসির ১৮তম জাতীয় কংগ্রেসের পর দেশটির আধুনিকায়ন প্রক্রিয়ায় সার্বিক অগ্রগতি হয়েছে এবং অর্থনীতি ও সমাজে উচ্চমানের উন্নয়ন ঘটেছে।
তিনি বলেন, এ সময়ে চীনের মানুষের জীবনযাত্রায় স্থিতিশীলতা এসেছে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিসরে দেশটির প্রভাব, আকর্ষণ ও বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা বেড়েছে।
চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং ও ম্যাকাও প্রসঙ্গে ওয়াং হুনিং বলেন, ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি পূর্ণাঙ্গভাবে, বিশ্বস্ততার সঙ্গে এবং দৃঢ়ভাবে বাস্তবায়ন করা হবে।
তাইওয়ান প্রসঙ্গে চীনের এক-চীন নীতি ও ১৯৯২ সালের ঐকমত্যের প্রতি অটল থাকার কথা পুনর্ব্যক্ত করেন ওয়াং। একই সঙ্গে দুই তীরের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি। তাইওয়ানের স্বাধীনতার পক্ষে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড এবং বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করার কথাও বলেন তিনি।
বিদেশে বসবাসরত চীনাদের বিষয়ে দলীয় নীতিগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন এবং তাদের জন্য সেবা আরও উন্নত করার আহ্বান জানান ওয়াং হুনিং।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও সিপিসির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই।
সংবর্ধনা অনুষ্ঠানে হংকং, ম্যাকাও, তাইওয়ান ও বিদেশে বসবাসরত চীনা সম্প্রদায়ের প্রায় ৭৫০ প্রতিনিধি অংশ নেন। এ ছাড়া সিপিসি ও চীনা সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সূত্র: সিএমজি













