নিজস্ব নকশা ও প্রযুক্তিতে নির্মিত এখন পর্যন্ত সবচেয়ে বড় তরল প্রাকৃতিক গ্যাস-এলএনজি বহনকারী জাহাজ হস্তান্তর করেছে চীন। এটি জ্বালানি পরিবহনের জন্য বড় জাহাজ নির্মাণে দেশটির সক্ষমতায় বড় অগ্রগতি।
‘সেলসিয়াস জর্জটাউন’ নামের এ জাহাজটি রোববার সকাল ১০টায় ৫০ মিনিটে নির্মাতা প্রতিষ্ঠান চায়না মার্চেন্টস হেভি ইন্ডাস্ট্রি-চিয়াংসু প্রতিষ্ঠানের ডকইয়ার্ড থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে।
দ্রুত ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে চীনের সীমান্ত পরিদর্শন কর্মকর্তারা আগেই জাহাজে উঠে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ জাহাজের দৈর্ঘ্য ২৯৮ দশমিক ৮ মিটার এবং প্রস্থ ৪৮ মিটার। এতে এক লাখ ৮০ হাজার ঘনমিটার এলএনজি পরিবহনের সক্ষমতা রয়েছে। এ জাহাজে ব্যবহার করা হয়েছে ডুয়াল-ফুয়েলভিত্তিক ধীরগতির আধুনিক প্রপালশন প্রযুক্তি।
প্রতিষ্ঠানটির এলএনজি জাহাজ প্রকল্প ব্যবস্থাপক লু চিয়ালং জানান, এ ধরনের আরও ছয়টি জাহাজ নির্মাণের অর্ডার পেয়েছেন তারা। এর মধ্যে পাঁচটি রয়েছে নির্মাণাধীন। আগামী তিন মাসের মধ্যে এর দ্বিতীয় জাহাজটি হস্তান্তর করার সম্ভাবনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট মহল।
সূত্র: সিএমজি





















