দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে চীনের জলসম্পদ মন্ত্রণালয় চতুর্থ স্তরের বন্যা জরুরি সাড়া কার্যক্রম চালু করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ৩০ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সিছুয়ানের মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে ইয়াংচি নদীর উজান এবং এর গুরুত্বপূর্ণ উপনদী মিনচিয়াং, থুওচিয়াং ও চিয়ালিং নদীর পানির স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া, প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর কয়েকটি মাঝারি ও ছোট নদীতেও বড় ধরনের বন্যা দেখা দিতে পারে। একই সঙ্গে পাহাড়ি ঢল বা আকস্মিক বন্যার ঝুঁকিও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে বৃষ্টিপাত ও নদীর পানির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, পূর্বাভাস জোরদার, জলাধারগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাঁধ ও নদীতীরের নিয়মিত টহল ও পরিদর্শন বাড়ানোর নির্দেশ দিয়েছে জলসম্পদ মন্ত্রণালয়।
চীনে বন্যা মোকাবিলায় চার স্তরের জরুরি সাড়া ব্যবস্থা রয়েছে। এর মধ্যে প্রথম স্তর সর্বোচ্চ এবং সবচেয়ে গুরুতর সতর্কতা হিসেবে বিবেচিত হয়।
সূত্র: সিএমজি বাংলা




















