গত ১০ বছর ধরে চীনের একটি স্বেচ্ছাসেবী সংগঠন রাস্তা পরিষ্কারকারী কর্মীদের জন্য প্রতিদিন বিনামূল্যে সকালের নাস্তা সরবরাহ করে আসছে। চীনের শানসি প্রদেশের ইয়ুনছেং শহরের ইয়ানহু জেলায় দেখা গেল এমন উদ্যোগ।
ইয়াহু জেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন পরিচালিত উদ্যোগটি ২০১৫ সালে শুরু হয়। এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে অংশ নিয়েছেন এবং মোট ২ লাখ ৭০ হাজারেরও বেশি খাবার পরিবেশন করা হয়েছে।
প্রতিদিন ভোর ৪টার দিকে রান্নার কাজ শুরু হয় এবং সকাল ৫টার মধ্যে খাবার প্রস্তুত করা হয়। সকাল ৬টা নাগাদ বিভিন্ন বিতরণ কেন্দ্রে খাবার পৌঁছে দেওয়া হয়।
প্রকল্পের সূচনাকারী ও সংগঠনের সভাপতি চাং ছাংছিন জানান, ১০ বছর আগে শীতের এক সকালে তিনি লক্ষ্য করেন, পরিচ্ছন্নতাকর্মীরা ঠান্ডা খাবার খাচ্ছেন, যা তাকে এই উদ্যোগে অনুপ্রাণিত করে।
৬৩ বছর বয়সী পরিচ্ছন্নতা কর্মী লি ওয়েইছান জানান, প্রতিদিন গরম খাবার পাওয়ায় তাদের কাজের মানসিকতা ও শক্তি দুটোই বেড়েছে।
প্রকল্পটি এখন ধীরে ধীরে একটি সংগঠিত সামাজিক কল্যাণ মডেলে পরিণত হয়েছে, যেখানে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সহায়তা এবং সরকারি সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২২ সাল থেকে একাধিক স্থানীয় কোম্পানি নিয়মিতভাবে এই উদ্যোগে অর্থায়ন করে আসছে।
সূত্র: সিএমজি





















