হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনায় ইরানে সামরিক অভিযানের ঘোষণা যুক্তরাষ্ট্রের - Mati News
Wednesday, July 8

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনায় ইরানে সামরিক অভিযানের ঘোষণা যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় মঙ্গলবার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক সামরিক হামলা চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক জলপথে নিরীহ বেসামরিক নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তাদের দাবি, এ হামলার মাধ্যমে ইরানকে ‘চড়া মূল্য’ দিতে বাধ্য করাই অভিযানের উদ্দেশ্য।

সেন্টকম আরও অভিযোগ করে, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ‘অযৌক্তিক ও বিপজ্জনক’ আচরণ করেছে।

একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, অভিযানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, বুধবার ভোরে কেশম দ্বীপের কাছে এবং দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস ও সিরিক শহরের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে মঙ্গলবার যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশন্স জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলরত তিনটি ট্যাংকারে পৃথক তিনটি হামলার ঘটনা ঘটেছে।

তবে এসব হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশ করা হয়নি।

সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *