বরিশালে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন - Mati News
Monday, September 28

বরিশালে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় জড়ো হন দলটির নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টার মধ্যেই দলীয় কার্যালয় ও এর আশেপাশের চত্বর নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

নগরীর সদর রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে সকাল ১১টায় সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে বরিশাল মহানগর বিএনপি। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এছাড়া কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদারসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে নগরীতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

অন্যদিকে, একই দিনে বরিশাল জেলা বিএনপির উদ্যোগে সকাল সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে পৃথক আরেকটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনসহ জেলা বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে সেখান থেকেও একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা ও মহানগর বিএনপির উভয় সমাবেশে বক্তারা দেশের বর্তমান সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে একটি আধুনিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *