গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত - Mati News
Thursday, September 17

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে। দেশব্যাপী ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলমান জাতীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‌্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।

র‌্যালি ও আলোচনা সভা

সকাল সাড়ে ১০টার দিকে মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অনুষদীয় চত্বরে এসে শেষ হওয়া এই র‌্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। এরপর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, মৎস্য খাত বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান এবং অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তিনি নিরাপদ, পরিবেশবান্ধব ও টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের আইওটি ও ন্যানো প্রযুক্তিভিত্তিক গবেষণা ও উদ্ভাবনে মনোনিবেশের আহ্বান জানান তিনি। দেশের মৎস্য খাতের উন্নয়নে গাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদ জ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অন্যান্য কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা

  • আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ ও জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. আমজাদ হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন। তারা নিরাপদ মৎস্য উৎপাদন, মাছের পুষ্টিগুণ ও মৎস্যসম্পদ ব্যবস্থাপনার সম্ভাবনা তুলে ধরেন।
  • আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে উপাচার্যের নেতৃত্বে রুই, কালিবাউশ, মৃগেল ও সরপুটিসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
  • জাতীয় মৎস্য পক্ষ উদযাপনের অংশ হিসেবে আগামী ৩০ আগস্ট গাকৃবির বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *