লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা - Mati News
Monday, August 17

লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়। একই আয়োজনে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন মাহমুদ। লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান সবুজ। এছাড়া পরিচালনা কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম, আব্দুর রব নাসিম, ব্যাংকার আকরাম গণি এবং ডা. আব্দুল বাতেন রোহান অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য কেবল তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি পরিবার, শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্বের বিষয়। শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, সেই আহ্বান জানান অতিথিরা। তারা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি।

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি উৎসাহিত করবে এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর আবিদা বিন্তি, মো. ইসমাইল হোসেন, মো. আতিকুর রহমানসহ প্রভাষক ফাতেমা আক্তার, ফাহিম সিদ্দিকি ও শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা তাদের এই সাফল্যের পেছনে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। তারা ভবিষ্যতে উচ্চশিক্ষায় নিজেদের প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। একটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *