চলতি বছরের মধ্যেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটি কেবল বাংলাদেশের সমস্যা নয়, বরং একটি বৈশ্বিক সংকট। এর প্রভাব মোকাবিলায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের জ্বালানি সক্ষমতা বাড়াতে সরকার ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে। তিনি আরও বলেন, তেল ও বিদ্যুতের মতো গ্যাস নিয়েও কিছু অসাধু চক্র অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। যারা এ ধরনের অন্যায় কাজে জড়িত, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, অতীতে রাষ্ট্রের সম্পদ ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের নজির রয়েছে। বর্তমান সরকার রাষ্ট্রীয় সম্পদ কাউকে অবৈধভাবে ব্যবহার বা আত্মসাৎ করতে দেবে না। দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদের উন্নয়নের জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রম গতিশীল রাখা এবং দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতেই এই অনুদান দেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।




















