ভোলার মনপুরা উপজেলায় একই দিনে তিন শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিখোঁজ তিন শিশুর মধ্যে দুজন উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা এবং অপরজন ঢাকার একটি মাদরাসায় অধ্যয়নরত। শনিবার দুপুর ২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ শিশুদের সন্ধানে তাদের পরিবার বিভিন্ন স্থানে হন্যে হয়ে খুঁজছে।
নিখোঁজ শিশুরা হলো উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাজিমুদ্দিন মঞ্জুর ছেলে মো. জুনায়েদ (১২), একই এলাকার মো. নাজিমুদ্দিনের ছেলে আরাফাত (১২) এবং ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কামালের ছেলে হাবিবুর রহমান (১৩)। পরিবার সূত্রে জানা গেছে, জুনায়েদ ও আরাফাত শুক্রবার বাংলাবাজার কলেজ মাঠে খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি। তাদের বাবা নাজিমুদ্দিন মঞ্জু জানান, অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
অন্যদিকে, ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কামালের ছেলে হাবিবুর রহমান ঢাকার যাত্রাবাড়ীর মুরাদপুর মাদরাসাতুল দারুল কুরআনে পড়াশোনা করত। কামাল জানান, শুক্রবার মাগরিবের নামাজ পড়তে যাওয়ার পর থেকে তার ছেলে আর মাদ্রাসায় ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো হদিস মিলছে না। নিখোঁজ হাবিবুরের সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা।
এ বিষয়ে জানতে চাইলে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, শিশু নিখোঁজের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিভাবক থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেননি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং খোঁজখবর নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।




















