একাদশ-দ্বাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান প্রথম পত্র: দ্বিতীয় অধ্যায়: ভেক্টর - Mati News
Thursday, November 26

একাদশ-দ্বাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান প্রথম পত্র: দ্বিতীয় অধ্যায়: ভেক্টর

স্কেলার রাশি কাকে বলে?

উত্তর: যেসব রাশির শুধু মান আছে, কিন্তু দিক নেই, তাদের স্কেলার রাশি বা অদিক রাশি বলে। যেমন— দৈর্ঘ্য, ভর, সময়, কাজ, শক্তি, ক্ষমতা, ঘনত্ব, বিভব, তাপ, তাপমাত্রা, জনসংখ্যা, দ্রুতি ইত্যাদি স্কেলার রাশি।

ভেক্টর রাশি কাকে বলে?

উত্তর: যেসব রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়, তাদের ভেক্টর রাশি, দিক রাশি বা সদিক রাশি বলে। সংক্ষেপে ভেক্টর বলা হয়। যেমন— সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল, ওজন, ঘূর্ণন বল, কৌণিক ভরবেগ, তলভেক্টর ইত্যাদি ভেক্টর রাশি।

বল কী?

উত্তর: যে বাহ্যিক কারণ বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করে বা করাতে চায়, তাকে বল বলে। বল একটি ভেক্টর রাশি।

বলের ভ্রামক বা ঘূর্ণন বল বা টর্ক কাকে বলে?

উত্তর: ঘূর্ণায়মান কোনো বস্তুকণার অবস্থান ভেক্টর এবং বস্তুকণার ওপর প্রযুক্ত বল এর ভেক্টর গুণফলকে (ক্রস গুণনকে) ঘূর্ণন বল বা টর্ক বলে।

কৌণিক ভরবেগ কী?

উত্তর: ঘূর্ণায়মান কোনো বস্তুকণার অবস্থান ভেক্টর ও রৈখিক ভরবেগ এর ভেক্টর গুণফলকে (ক্রস গুণন) কৌণিক ভরবেগ বলে।

তল ভেক্টর কাকে বলে?

উত্তর: একই আবর্তে (ডানাবর্তে বা বামাবর্তে) কোনো রেখা টেনে স্বল্পাংশে একটু তল চিহ্নিত করলে এই তলকে ভেক্টর মনে করা যায়। একে তল ভেক্টর বলে।

একক ভেক্টর কী?

উত্তর: যে ভেক্টরের মান এক একক, তাকে একক ভেক্টর বলে। মান শূন্য নয় এরূপ একটি ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে উক্ত ভেক্টরের দিকে এবং সমান্তরালে একটি একক ভেক্টর পাওয়া যায়।

শূন্য ভেক্টর কী?

উত্তর: যে ভেক্টরের অবস্থান আছে, কিন্তু মান শূন্য, তাকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলে। পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল দুটি সমান ভেক্টর বিয়োগ করে অথবা একটি ভেক্টরের সঙ্গে তার বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর যোগ করে শূন্য ভেক্টর পাওয়া যায়।

অবস্থান ভেক্টর কাকে বলে?

উত্তর: প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়, তাকে অবস্থান ভেক্টর বলে।

ব্যাসার্ধ ভেক্টর কী?

উত্তর: একটি কণা বৃত্তপথে ঘুরতে থাকলে কেন্দ্র ও পরিধিস্থ কণার অবস্থানের সংযোগকারী সরলরেখাকে ব্যাসার্ধ ভেক্টর বলে।

লব্ধি ভেক্টর কী?

উত্তর: দুই বা ততোধিক ভেক্টরের সম্মিলিত ক্রিয়ার তৃতীয় যে ভেক্টরের উৎপত্তি ঘটে, তাকে লব্ধি ভেক্টর বলে।

সদৃশ ভেক্টর বা সমদিক ভেক্টর বা সমান্তরাল ভেক্টর কাকে বলে?

উত্তর: সমজাতীয় অসমমানের দুই বা ততোধিক ভেক্টরের দিক যদি একই দিকে হয়, তবে তাদের সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর বলে।

বিসদৃশ ভেক্টর বা অসদৃশ ভেক্টর বা বিষম ভেক্টর কাকে বলে?

উত্তর: সমজাতীয় এবং অসমমানের দুই বা ততোধিক ভেক্টরের দিক যদি পরস্পর বিপরীতমুখী হয়, তবে তাদের বিসদৃশ ভেক্টর বলে।

সমান ভেক্টর বা সমভেক্টর কী?

উত্তর: দুই বা ততোধিক সমজাতীয় এবং সমমানের ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, তাহলে তাদের সমান ভেক্টর বা সমভেক্টর বলে।

বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর বা ঋণ ভেক্টর বলতে কী বোঝ?

উত্তর: সমজাতীয় এবং সমমানের দুটি ভেক্টরের দিক যদি পরস্পর বিপরীতমুখী হয়, তাহলে এদের একটিকে অপরটির বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর বলে।

সমরৈখিক ভেক্টর বা সমরেখ ভেক্টর কাকে বলে?

উত্তর: দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর (বা পরস্পর সমান্তরালে) ক্রিয়া করে, তবে তাদের সমরৈখিক বা সমরেখ ভেক্টর বলে।

সমতলীয় ভেক্টর কী

উত্তর: দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে, তবে তাদের সমতলীয় ভেক্টর বলে।

 স্বাধীন বা মুক্ত ভেক্টর কী?

উত্তর: কোন ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে, তা যদি ইচ্ছামতো নির্বাচন করা যায়, তবে ওই ভেক্টরকে স্বাধীন বা মুক্ত ভেক্টর বলে।

সীমাবদ্ধ ভেক্টর বা পরাধীন ভেক্টর কাকে বলে?

উত্তর: কোন ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে, তা যদি নির্দিষ্ট করা থাকে, তবে ওই ভেক্টরকে সীমাবদ্ধ ভেক্টর বলে।

সঠিক ভেক্টর কী?

উত্তর: যেসব ভেক্টরের মান শূন্য নয়, তাদের সঠিক ভেক্টর বলে।

সম-প্রারম্ভিক ভেক্টর কী?

উত্তর: দুই বা ততোধিক ভেক্টরের পাদবিন্দু একই হলে তাদের সম-প্রারম্ভিক ভেক্টর বলে।

অসমতলীয় ভেক্টর কাকে বলে?

উত্তর: দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থান না করে, তবে তাদের অসমতলীয় ভেক্টর বলে।

অক্ষীয় ভেক্টর কাকে বলে?

উত্তর: বস্তু ঘূর্ণনের সঙ্গে যুক্ত ভেক্টরকে অক্ষীয় ভেক্টর বলে।

ভেক্টর যোগের সাধারণ নিয়ম বলতে কী বোঝ?

উত্তর: দুটি সমজাতীয় ভেক্টরের যোগফল নির্ণয়ের জন্য প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করতে হয়। তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সংযোজক রেখার দৈর্ঘ্য ভেক্টরদ্বয়ের লব্ধির মান নির্দেশ করে এবং লব্ধির দিক হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে।

ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র লিখ।

উত্তর: যদি দুটি ভেক্টরকে যথাক্রমে মানে ও দিকে একইক্রমে কোনো ত্রিভুজের দুটি বাহু দিয়ে প্রকাশ করা যায়, তবে ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীতক্রমে ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে।

ভেক্টর যোগের সামান্তরিকের সূত্র লিখ।

উত্তর: কোনো বিন্দুতে একই সঙ্গে ক্রিয়ারত দুটি একই জাতীয় ভেক্টরকে যথাক্রমে মানে ও দিকে উক্ত বিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের দুই সন্নিহিত বাহু দ্বারা নির্দেশ করলে, উক্ত বিন্দুগামী কর্ণ ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে।

আয়ত একক ভেক্টর বা আয়তাকার একক ভেক্টর কাকে বলে?

উত্তর: ত্রিমাত্রিক স্থানাংক ব্যবস্থায় ধনাত্মক X, Y ও Z অক্ষ বরাবর একক ভেক্টর যথাক্রমে ও নির্দিষ্ট করে দেওয়া হয়। এদের আয়ত একক ভেক্টর বা আয়তাকার একক ভেক্টর বলে।

দিক কোসাইন কী?

উত্তর: ত্রিমাত্রিক কার্তেসীয় স্থানাংক ব্যবস্থায় একটি ভেক্টর তিনটি ধনাত্মক অক্ষের সঙ্গে যে তিনটি কোণ উৎপন্ন করে, তাদের Cosine-এর মানকে দিক কোসাইন বলে।

দুটি ভেক্টর রাশির স্কেলার গুণন বা ডট গুণন বা অদিক গুণন কাকে বলে?

উত্তর: দুটি ভেক্টর রাশিকে গুণন করলে গুণফল যদি একটি স্কেলার রাশি হয়, তবে ভেক্টরের ওই গুণনকে স্কেলার গুণন বা ডট গুণন বলে। যার মান ভেক্টরদ্বয়ের মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল এর সমান।

দুটি ভেক্টর রাশির ভেক্টর গুণন বা ক্রস গুণন বা সদিক গুণন কী?

উত্তর: দুটি ভেক্টর রাশিকে গুণ করলে গুণফল যদি একটি ভেক্টর রাশি হয়, তবে ভেক্টরের ওই গুণনকে ভেক্টর গুণন বা ক্রস গুণন বলে। যার মান ভেক্টরদ্বয়ের মান এবং এদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান এবং দিক হলো একটি ডান পাকের কর্ক স্ক্রু-কে প্রথম ভেক্টর হতে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোণে ঘুরালে স্ক্রুটি যেদিকে অগ্রসর হয়, ঐ দিকে হয়।

ডানহাতি স্ক্রু নিয়ম বলতে কী বোঝ?

উত্তর: দুটি ভেক্টর যে সমতলে অবস্থিত, সেই সমতলে ভেক্টরদ্বয়ের ছেদবিন্দুর ওপর লম্বভাবে একটি ডানহাতি স্ক্রুকে রেখে প্রথম ভেক্টর হতে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোণে ঘোরালে স্ক্রুটি যেদিকে অগ্রসর হয়, সেদিকেই হবে ভেক্টরদ্বয়ের ক্রস গুণনের দিক এবং এই নিয়মকেই ডানহাতি স্ক্রু নিয়ম বা ডানপাকের কর্ক স্ক্রু নিয়ম বলে।

অপারেটর কী?

উত্তর: অপারেটর হলো একটি গাণিতিক নির্দেশক বা সংকেত, যা একটি উপর্যুক্ত বস্তুর ওপর কোনো বিশেষ ধরনের অপারেশনকে বোঝায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *