কাতারে সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে সাড়ে চার লাখ রিয়াল ক্ষতিপূরণের রায় বহাল - Mati News
Sunday, September 13

কাতারে সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে সাড়ে চার লাখ রিয়াল ক্ষতিপূরণের রায় বহাল

কাতারে এক সড়ক দুর্ঘটনায় পা ভেঙে গুরুতর আহত হওয়া এক ব্যক্তিকে ৪ লাখ ৫০ হাজার কাতারি রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল রেখেছে দেশটির বিনিয়োগ ও বাণিজ্য আদালতের আপিল বিভাগ। এই অর্থ চালক ও সংশ্লিষ্ট বীমা কোম্পানিকে যৌথভাবে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম আল শার্কের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার জন্য চালকের অবহেলা ও ট্রাফিক আইন অমান্য করাকে দায়ী করেছেন ভুক্তভোগী।

ঘটনার প্রেক্ষিতে ট্রাফিক আদালত প্রথমে চালককে ১০ হাজার রিয়াল জরিমানা করেছিল, যা পরবর্তীতে আপিলের মাধ্যমে ৫ হাজার রিয়ালে নামিয়ে আনা হয়। তবে ভুক্তভোগী তার শারীরিক ও মানসিক ক্ষতি এবং চিকিৎসার ব্যয়ের কথা বিবেচনা করে চালক ও বীমা কোম্পানির কাছে মোট ১০ লাখ রিয়াল ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেন। আদালতে ভুক্তভোগীর পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন আইনজীবী রওদা বেহজাদ, যিনি প্রয়োজনীয় নথিপত্র ও যুক্তি উপস্থাপন করেন।

আদালত শুনানিতে নিশ্চিত হয় যে, গাড়ি চালকের ভুলেই দুর্ঘটনাটি ঘটেছে এবং বীমা কোম্পানিকেও এর দায়ভার গ্রহণ করতে হবে। প্রাথমিক আদালতের দেওয়া ৪ লাখ ৫০ হাজার রিয়াল ক্ষতিপূরণের নির্দেশনার বিরুদ্ধে বীমা কোম্পানি আপিল করলেও, উচ্চ আদালত তা খারিজ করে আগের রায়ই বহাল রেখেছেন।

ক্ষতিপূরণের এই অংক নির্ধারণের ক্ষেত্রে আদালত ভুক্তভোগীর বয়স, পেশা, চিকিৎসার খরচ এবং দুর্ঘটনার ফলে সৃষ্ট মানসিক কষ্টের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছে। (তথ্যসূত্র: আল শার্ক পত্রিকা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *