বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর - Mati News
Saturday, August 22

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর

বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি। বুধবার (১৯ আগস্ট) দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় শেখ মোহাম্মদ বাংলাদেশকে একটি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে অভিহিত করেন।

বৈঠকে ড. খলিলুর রহমান কাতারের নেতৃত্বের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রতি সংহতি প্রকাশ করেন এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে দেশটির গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, কাতারের এই ভূমিকা বৃহত্তর অঞ্চল ও এর বাইরেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে উষ্ণ অভিনন্দন জানান কাতারের প্রধানমন্ত্রী। তিনি দায়িত্ব পালনকালে কাতারের পূর্ণ সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আলোচনার এক পর্যায়ে ড. খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।

পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কাতারের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে পৃথক বৈঠক করেন, যেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *