শ্রেষ্ঠ কলেজশিক্ষক হয়েছেন নিতাই কুমার সাহা
শিক্ষকতা জীবনের ২০ বছরে এক মিনিটও ক্লাসে দেরি করে আসেননি নিতাই কুমার সাহা। শিক্ষার্থীদের ক্লাসমুখী করাতে নিয়েছেন নানা উদ্যোগ। শিক্ষার প্রসারে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। জাতি গড়ার এই মহৎ কাজের স্বীকৃতি দিয়েছে সরকার। জাতীয় পর্যায়ে তিনি এবার শ্রেষ্ঠ কলেজশিক্ষক নির্বাচিত হয়েছেন।
ওই শিক্ষকের নাম নিতাই কুমার সাহা। তিনি রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক। গত বুধবার শিক্ষামন্ত্রী দীপু মনি তাঁর হাতে শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার তুলে দিয়েছেন। নিতাই কুমার সাহা রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। ঝড় হোক, বৃষ্টি হোক—সব সময় নিতাই স্যারের ক্লাস শিক্ষার্থীতে পূর্ণ থাকে। গত ২০ বছরের শিক্ষকতা জীবনে তিনি এক মিনিটও দেরি করে ক্লাসে আসেননি। বছরের শুরুতেই তিনি শিক্ষার্থীদের হাতে নিজের তৈরি বিশেষ ধরনের একটা ক্যালেন্ডার ধরিয়ে দেন। সারা বছর কয়টি টিউটরিয়াল পরীক্ষা নেওয়া হবে, কয়...














