গানের রানি সিঁথি সরকার
বসন্তের বাতাস না থাকলেও টিএসসির বারান্দায় শরতের হালকা শীতল বাতাস বইছিল। আকাশেও মেঘ ডাকছিল সামান্য। বৃষ্টি নামবে নামবে অবস্থা। এমন আর্দ্র আবহাওয়ায় সিঁথির সঙ্গে জুড়ে দিলাম গানের গল্প। গানে অর্জনের শেষ নেই সিঁথি সরকারের। ঘরের একটা আলমারি ভরে গেছে তার পুরস্কারে। সিঁথির মা বললেন, ‘সিঁথির পুরস্কারগুলো দিয়ে একটা ছোটখাটো জাদুঘর হয়ে গেছে আমার ঘরে।’
জাতীয় পর্যায়ে ২০১৭ সালে ‘জাতীয় শিক্ষা সপ্তাহে’ রবীন্দ্রসংগীতে চ্যাম্পিয়ন সিঁথি। ‘শাপলা কুঁড়ি জাতীয় শিশুশিল্পী প্রতিযোগিতা ২০১৮’-তে দেশাত্মবোধক গান, নজরুলগীতি ও রবীন্দ্রসংগীত—এ তিন ক্যাটাগরিতেই জাতীয় পর্যায়ে প্রথম হয় সিঁথি। ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৮’-তে জাতীয় পর্যায়ে ‘খ’ শাখায় রৌপ্য গলায় ঝোলায় ও। শুধু রৌপ্য নয়, দুটি স্বর্ণপদকও পেয়েছে ‘বঙ্গবন্ধু শিশু-কিশোর পদক ২০১৮’ জাতীয় পর্যায়ে নজরুলগীতি ও রবীন্দ্রসংগীতে। শুধু একক অর্জনেই থেমে নেই সিঁথি। ...










