চাকরির সফল সাক্ষাৎকারের টিপস : সাক্ষাৎকারের সাত-সতেরো
নিজেরা সফলভাবেই উতরে গেছেন সাক্ষাৎকার পর্ব। কিন্তু ভোলেননি ভাইভা বোর্ডে প্রশ্নকর্তাদের সাক্ষাৎকারের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা। কিঙ্কর আহ্সানকে তা-ই শুনিয়েছেন সাত খাতের সাত তরুণ পেশাজীবী
মানস পাল
গ্রুপ প্ল্যানিং ডিরেক্টর
ইস্টারস্পিড
‘মনে করো, তুমি একটি বড় মাছ। বাস করার জন্য তোমাকে ছোট পুকুর ও সাগর থেকে যেকোনো একটি বেছে নিতে হবে। পুকুরে তোমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। অন্যদিকে প্রতিযোগীর কারণে সাগরে টিকে থাকা মুশকিল। কী করবে? অপশন বেছে নেওয়ার পেছনের কারণও বলতে হবে।’ এমন অনেক সৃজনশীল এবং মজার প্রশ্নের মুখোমুখি হয়েছি। বিজ্ঞাপনী সংস্থায় চাকরির পাওয়ার একটা বড় শর্ত হলো সৃজনশীল হতে হবে।
প্রশ্ন ছিল মার্কেটিংয়ের বিষয়েও। দেশের বিজ্ঞাপনের বর্তমান অবস্থা, বাইরের দেশের বিজ্ঞাপন নিয়েও জানতে চাওয়া হয়েছে। জানতে চেয়েছে পণ্যের প্রচারণার কৌশলটা কেমন হওয়া উচিত। উত্তর করেছি প্রশ্নকর্তাদের চোখের দিকে তাকিয়ে...













