রেললাইনের ওপর মাথা রেখে শুয়ে পড়েন সুমন জাহিদ
ট্রেন আসার শব্দ শুনে রেললাইনের ওপর মাথা রেখে শুয়ে পড়েছিলেন সুমন জাহিদ। ঘটনাস্থলে থাকা এক শিশু ও এক নারী তাঁকে সরতে বলেছিলেন, কিন্তু তিনি সরেননি। একপর্যায়ে শিশুটি তাঁর পা ধরে টানলে তিনি লাথি মেরে শিশুটিকে সরিয়ে দেন। এরপরই দ্রুত গতির ট্রেনটি তাঁকে দ্বিখণ্ডিত করে চলে যায়।
শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভীনের ছেলে ব্যাংক কর্মকর্তা সুমন জাহিদের দ্বিখণ্ডিত লাশ গতকাল বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে বাগিচা-সংলগ্ন রেললাইন থেকে উদ্ধার করা হয়। তাঁর মৃত্যুর ঘটনার এমনটাই বর্ণনা দিচ্ছে ঘটনার প্রত্যক্ষদর্শী এক শিশু। নাদিয়া আক্তার নামের শিশুটি খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে। এক ভাই এক বোনের মধ্যে সে ছোট। তার মা নুরুন্নাহার বেগমের চায়ের দোকানটি ঠিক ঘটনাস্থলেই।
লাশ উদ্ধারের পর সুমনের স্বজনেরা এটিকে পরিকল্পিত হত্যা বলে সন্দেহ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলাতক দুই যুদ...














