অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ফোল্ডেবল স্মার্টফোন ‘আইফোন ডুও’-এর সাফল্যের নেপথ্যে মূল ভূমিকা পালন করছে চীন— বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যান টিম কুক। তিনি জানান, নতুন এই ডিভাইসটি বিশেষভাবে চীনেই তৈরি করা হচ্ছে এবং এর অ্যাপ উন্নয়নে চীনা ডেভেলপাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
সম্প্রতি বেইজিংয়ে চায়না ডেইলিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে টিম কুক এসব কথা বলেন। অ্যাপল প্রধানের এই বক্তব্য স্পষ্ট করে দেয় যে, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য চীন একটি বড় বাজারের পাশাপাশি বৈশ্বিক কার্যক্রমের অন্যতম উদ্ভাবনী ও প্রধান উৎপাদন কেন্দ্র।
অ্যাপলের অন্যান্য সাধারণ মডেলের তুলনায় ফোল্ডেবল স্মার্টফোন ‘আইফোন ডুও’ প্রস্তুত করা বহুগুণ বেশি জটিল ও কঠিন। এর জন্য প্রয়োজন চরম সূক্ষ্মতা ও উচ্চমানের ডিজাইন সক্ষমতা, যা চীনের সরবরাহকারীদের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে সম্ভব হচ্ছে।
চীন সফরের অংশ হিসেবে টিম কুক কুয়াংচৌ, বেইজিং ও শাংহাই সফর করেন। শাংহাইয়ের এক ফোরামে তিনি জানান, চীনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অ্যাপলের সরবরাহ শৃঙ্খলে অভূতপূর্ব প্রভাব ফেলছে।
এই সফরের আরও একটি বড় খবর হলো, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার ‘ছুয়েন’ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সংবলিত ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চীনে ব্যবহারের সরকারি অনুমোদন পেয়েছে। চলতি অক্টোবরের শেষভাগেই এর একটি টেস্ট ভার্সন চালু করার পরিকল্পনা রয়েছে।
বেইজিংয়ে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাওর সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে টিম কুক জানান, চীনে অ্যাপল তাদের ব্যবসার পরিধি আরও বিস্তৃত করবে। শুধুমাত্র অ্যাপল নয়, ‘আমেরিকান চেম্বার অফ কমার্স ইন সাউথ চায়না’-র সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, চীনে সক্রিয় ৭৫ শতাংশ মার্কিন প্রতিষ্ঠান চলতি বছরেই দেশটিতে পুনরায় বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা করছে।
সূত্র: সিএমজি





















