সিয়োং’আনে স্যাটেলাইট উৎপাদন খরচ যেভাবে অর্ধেকে নেমেছে - Mati News
Wednesday, May 20

সিয়োং’আনে স্যাটেলাইট উৎপাদন খরচ যেভাবে অর্ধেকে নেমেছে

ফয়সল আবদুল্লাহ

চীনের সিয়োং’আন নিউ এরিয়ায় শিগগিরই চালু হচ্ছে স্যাটেলাইট স্মার্ট পণ্য উৎপাদন ও পরীক্ষা কেন্দ্র। জুনে চালু হওয়া এই কেন্দ্র এক টন পর্যন্ত ওজনের যোগাযোগ, ন্যাভিগেশন ও রিমোট সেন্সিং স্যাটেলাইটের সমন্বয়, সংযোজন ও উৎক্ষেপণ-পূর্ব পরীক্ষা একসঙ্গে করার সুযোগ দেবে। এতে স্যাটেলাইট তৈরির খরচ প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমবে। এই কেন্দ্র বছরে প্রায় ৫০টি স্যাটেলাইট সংযোজন এবং ১০০টি স্যাটেলাইটের পরীক্ষা পরিচালনার সক্ষমতা রাখবে।

নতুন এই সুবিধার মাধ্যমে এক টন পর্যন্ত ওজনের স্যাটেলাইটের সমন্বিত সংযোজন ও উৎক্ষেপণের আগের যাবতীয় পরীক্ষা করা যাবে।

সিয়োং’আন সায়েন্স মহাকাশ তথ্য শিল্প বিভাগের পার্কের অপারেশন ব্যবস্থাপক ইয়াং চিনশুও জানান, ‘আমরা একই সঙ্গে ছয়টি স্যাটেলাইটের সংযোজন ও সমন্বয় কাজ পরিচালনা করতে পারি। আমাদের পরিকল্পিত বার্ষিক উৎপাদন সক্ষমতা ৫০টি স্যাটেলাইট। বাণিজ্যিক মহাকাশ প্রতিষ্ঠানগুলোকে এখানে শুধু তাদের স্যাটেলাইটের নকশা ও কাঁচামাল নিয়ে আসতে হবে। আমাদের পেশাদার দল সংযোজন, সমন্বয় এবং পরীক্ষার পূর্ণ সহায়তা দেবে, যা উৎপাদন ব্যয় ৫০ শতাংশের বেশি কমাবে।’

সিয়োং’আনের পরীক্ষাকেন্দ্রে দুটি বড় স্যাটেলাইট কারখানায় যন্ত্রপাতি স্থাপনের কাজ প্রায় শেষ। সাইটে থাকা একটি নমনীয় প্লাটফর্ম এক টন পর্যন্ত ওজনের বিভিন্ন ধরনের স্যাটেলাইট—যেমন যোগাযোগ, নেভিগেশন ও দূর অনুধাবন স্যাটেলাইট—সংযোজন ও সমন্বয়ের কাজ করতে পারবে।

ইয়াং চিনশুও আরও জানালেন, ‘এ ফ্যাসিলিটিতে মহাকাশের চরম ঠান্ডা পরিবেশ তৈরি করা যায়। একই সময়ে চারটি স্যাটেলাইটের পরীক্ষা করা সম্ভব। বৈদ্যুতিক, তাপীয়, যান্ত্রিক ও চৌম্বকীয়সহ দশটিরও বেশি উপশ্রেণিতে পরীক্ষা পরিচালনার সক্ষমতা আছে এখানকার কারখানার। সংযোজন ও সমন্বয় থেকে শুরু করে উৎক্ষেপণের আগ পর্যন্ত প্রয়োজনীয় সব পরীক্ষা করা যায় এখানে। বছরে আমরা মোট ১০০টি স্যাটেলাইট এবং ২০০ সেট পে–লোড পরীক্ষা করতে পারব।’

এখন সিয়োং’আন নিউ এরিয়া চায়না স্টার নেটওয়ার্কসহ মোট ৬৭টি মহাকাশ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এবং ৯টি উদ্ভাবনী প্লাটফর্ম রয়েছে। এই খাতের শিল্প উৎপাদনের মোট মূল্য প্রায় ১০৭ কোটি ইউয়ানে পৌঁছেছে।

সিএমজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *