মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) বুকাভু শহরে দুটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাণ বাঁচাতে গিয়ে হুড়োহুড়ির সময় শিশুসহ অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডে কয়েকজন প্রাপ্তবয়স্কও প্রাণ হারিয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সাউথ কিভু প্রদেশের রাজধানী বুকাভুর এই ঘটনায় প্রায় ৩০০টিরও বেশি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গত বছরের ফেব্রুয়ারিতে এম২৩ বিদ্রোহীরা শহরটি দখল করে নিয়েছিল। তবে বর্তমানে কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।




















