নকল গর্ভধারণের ট্রল নিয়ে সরব দীপিকা, সমর্থন জানালেন কনটেন্ট ক্রিয়েটরকে - Mati News
Friday, September 11

নকল গর্ভধারণের ট্রল নিয়ে সরব দীপিকা, সমর্থন জানালেন কনটেন্ট ক্রিয়েটরকে

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন দ্বিতীয়বার মা হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তাকে ঘিরে নানা আলোচনা চলছে। তবে আনন্দের খবরের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে নেতিবাচক ট্রল। বিশেষ করে তার ‘নকল গর্ভধারণ’ নিয়ে ছড়িয়ে পড়া মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কনটেন্ট ক্রিয়েটর আরশিয়া মুরজানি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। আরশিয়ার সেই পোস্টে লাইক দিয়ে দীপিকা নিজের সমর্থন জানিয়েছেন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আরশিয়া তার ভিডিওতে দীপিকা ও রণবীর সিংয়ের সাম্প্রতিক মাতৃত্বকালীন ফটোশুটের প্রশংসা করেন। তিনি মনে করিয়ে দেন, দীপিকার প্রথম সন্তান গর্ভে থাকার সময়ও একদল মানুষ তার গর্ভধারণকে ‘নকল’ বলে দাবি করেছিলেন। আরশিয়ার মতে, কোনো নারীর শারীরিক গড়ন ভিন্ন হলেই তাকে নিয়ে এমন ভিত্তিহীন মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, দীপিকা দ্বিতীয়বার মা হতে চলেছেন এবং এটি তার জীবনের একটি সুন্দর মুহূর্ত, তাই এই সময়ে তাকে নিয়ে ট্রল না করে ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানো উচিত।

এর আগেও ২০২৪ সালে প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার সময় দীপিকাকে নিয়ে একই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশের ব্যবহারকারী। সম্প্রতি দীপিকা ও রণবীর তাদের প্রথম সন্তান দুয়ার দ্বিতীয় জন্মদিন উপলক্ষে কিছু ছবি প্রকাশ করেন, যার একটিতে দীপিকার বেবি বাম্প দেখা যায়। এর আগে গত ১৯ এপ্রিল দীপিকা ও রণবীর যৌথভাবে দ্বিতীয়বার সন্তান নেওয়ার সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবিতে তাদের মেয়ে দুয়াকে হাতে পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট নিয়ে দেখা গিয়েছিল।

দীপিকা ও রণবীরের সম্পর্কের যাত্রা শুরু হয়েছিল ২০১৩ সালে ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার সেটে। কয়েক বছর প্রেমের পর ২০১৫ সালে তারা গোপনে বাগদান সম্পন্ন করেন। অবশেষে ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় এক জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। ব্যক্তিগত জীবনের এই দীর্ঘ পথচলায় নানা সময়েই তারা বিভিন্ন গুঞ্জনের মুখোমুখি হয়েছেন, তবে এবার ট্রলের বিরুদ্ধে সরাসরি নিজের অবস্থান জানান দিলেন দীপিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *