মালয়েশিয়ায় খনিতে অভিযান: ২৪ বাংলাদেশিসহ ৪৯ অভিবাসী আটক - Mati News
Wednesday, September 30

মালয়েশিয়ায় খনিতে অভিযান: ২৪ বাংলাদেশিসহ ৪৯ অভিবাসী আটক

মালয়েশিয়ার তেরেংগানুর ডুংগুন এলাকার বুকিত বেসি নামক একটি লৌহ আকরিকের খনিতে অভিযান চালিয়ে ৪৯ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টার দিকে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান সফল করতে ইমিগ্রেশন কর্মকর্তারা নিজেদের পরিচয় গোপন রেখে সাধারণ যানবাহন ব্যবহার করে খনি এলাকায় প্রবেশ করেন, যার ফলে খনিতে কর্মরত বিদেশিরা অভিযানের বিষয়টি আগে থেকে টের পাননি।

ইমিগ্রেশন বিভাগের অপারেশনবিষয়ক উপ-মহাপরিচালক দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, আটককৃতদের মধ্যে ২৪ জন বাংলাদেশি, ১৭ জন ইন্দোনেশীয়, সাতজন মিয়ানমারের এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন নারী ও দুইজন শিশুও রয়েছে, যাদের বয়স ১০ মাস থেকে ৬৬ বছরের মধ্যে। খনিটি মূল সড়ক থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে অবস্থিত হওয়ায় সেখানে পৌঁছাতে কর্মকর্তাদের বিশেষ কৌশলের আশ্রয় নিতে হয়।

অভিযানের সময় খনিতে কর্মরত বিদেশিরা পালানোর চেষ্টা করেন। অনেকে খনির পানিতে ঝাঁপ দিয়ে আত্মগোপনের চেষ্টা করেন। এ সময় এক বাংলাদেশি নাগরিক পাহাড়ের ঢাল বেয়ে পালানোর সময় পিছলে পড়ে গিয়ে মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত পান। তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর তাকে আটক করা হয়।

আটককৃত সবাইকে অবৈধ অভিবাসী হিসেবে সন্দেহ করা হচ্ছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনের অধীনে তাদের বিরুদ্ধে বর্তমানে তদন্ত কার্যক্রম চলছে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, খনি এলাকায় অবৈধভাবে অবস্থান ও কাজ করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *