আমি ২০০৭ সাল থেকে জৈব সার তৈরি করি। ২০১৩ সালে নতুন করে কেঁচো সার উৎপাদন শুরু করি। তখন সরকার ব্যাপক উৎসাহ ও সহযোগিতা দিয়েছিল। ইতিমধ্যে সাতক্ষীরা থেকে পাবনা পর্যন্ত অনেক কেঁচো সার বিক্রি করি এবং সার্বিক সহযোগিতা করি, যেন একজন উদ্যোক্তা প্রতিষ্ঠিত হতে পারেন।

২০১৪ সালে বাংলাদেশ সরকার বিনামূল্যে কৃষকদের মধ্যে কেঁচো সার বিতরণ শুরু করে। দেশের একটি বৃহৎ কোম্পানি খামারিদের কাছ থেকে সার সংগ্রহের বিনিময়ে সরকার থেকে কাজটি নিয়ে নেয়। তাদের বিক্রি বাড়ানোর জন্য তারা আইনি ব্যবস্থার মাধ্যমে আমার তৈরি বিভিন্ন প্রকল্পে হানা দিতে শুরু করে।
তারা আমার উদ্যোক্তাদের কাছে জানতে চায়, “আপনাদের ট্রেড লাইসেন্স, আয়কর কাগজ, খামারবাড়ির অনুমোদন, ল্যাব টেস্টের রিপোর্ট, বিসিকের কাগজপত্র আছে কি না?”
অসহায় ব্যক্তিগুলো ওই কর্মকর্তাদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতেন। সঠিক জবাব দিতে না পারার কারণে অনেক প্রকল্প বন্ধ করে দেওয়া হয়। অসহায় আমি কিছুই করতে পারিনি।
একজন ফোন দিয়ে জানতে চাইলেন, “স্যার, খামারবাড়ি কী? সেখানে কারা থাকে? ওটা কি গোলপাতার ছাউনি দেওয়া কোনো ঘর?”

আমার কাছে কোনো উত্তর ছিল না। তবে বলেছিলাম, “না ভাই! ওগুলো ঢাকা শহরের অনেক বড় বড় দালানকোঠা, এসি রুম। সেখানে যারা বসেন, তাঁরা বিসিএস ক্যাডার, অনেক শিক্ষিত। তাঁরা সেখানে বসেন, দামি গাড়িতে চড়েন, চিকন চালের ভাত খান। অসুস্থ হলে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নেন। তাঁদের কেউ কেউ ছোটবেলায় গাওয়া ঘি দিয়ে ভাত খেয়েছেন, আবার কেউ না খেয়ে, টিউশনি করে, কষ্ট করে পড়াশোনা করেছেন। এখন তাঁরা অনেক উঁচু দামের মানুষ।
“আমাদের করের টাকায় বেতন নিয়ে আবার আমাদের অর্থনৈতিক স্বাধীনতা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে উচ্চমূল্যে বিক্রি করে দেন।”
ফোনের ওপাশ থেকে হাউমাউ করে কান্নার শব্দ শুনে আমার কথার ঘোর কেটে যায়। তিনি আমাকে বলেন, “স্যার, অল্প কিছু টাকা আর অনেক পরিশ্রম করে কেঁচো সার তৈরি করি। আইনের হাতকড়া পরিয়ে ওরা যে আমাদের বেকার করে দিল! এখন বউ-বাচ্চা নিয়ে কীভাবে চলব?”
এমন অনেক ঘটনার সাক্ষী আমি।
দিন গড়াতে গড়াতে ২০২০ সাল চলে এলো। আমি তখনও একরকম বেকার। অনলাইনে ছাদবাগানের গ্রুপগুলোতে সেল পোস্ট দেওয়া শুরু করি। আবার বিক্রি শুরু হলো। কিছু নতুন উদ্যোক্তাও তৈরি করলাম।
ইতিমধ্যে বাংলাদেশের কিছু হেভি হেভি অনলাইন স্টার ব্যক্তিরা যোগাযোগ করে আমন্ত্রণ জানালেন। তাঁরা কেঁচো সার উৎপাদনকারীদের নিয়ে একটি অ্যাসোসিয়েশন করবেন। আমি স্বপ্ন দেখা শুরু করলাম। তাঁদের মাসিক মিটিংয়ে যোগ দিতে এবং চাঁদা দিতে শুরু করি। বিভিন্ন জেলাতেও সফর করি।
আস্তে আস্তে থলের বেড়াল বেরিয়ে এলো। জানলাম, এরা হলো সেই কোম্পানির দালাল, যাদের কথা আগেই বলেছিলাম। যারা সরকার থেকে টাকা নিয়ে ফ্রি কেঁচো সার বিতরণ করত আর হাজারো উদ্যোক্তার পেটে লাথি মারত।
আমি প্রতিবাদ করি।
দালালরা আমাকে বোঝাতে শুরু করল, “রনি ভাই! আমরা ক্ষুদ্র লোক, ওরা বড় পুঁজিপতি। ওদের সঙ্গে যুদ্ধ করা বোকামি। আমরা সরাসরি সার বিক্রি না করে ওদেরই সাপ্লাই দিই।”
আলোচনার স্বার্থে তারা বলল, আমাদের ৫.৬০ টাকা কেজি দরে সার কিনবে।
আমি তো অবাক!
যেখানে উৎপাদন খরচ ১২ টাকা বা তার বেশি, সেখানে এই দরে কীভাবে সার দেব?
তারা বোঝাল, “জৈব সারের ভেতর ২০ শতাংশ কালো ছাই দিতে হবে। এতে ওজন হালকা হবে। ২০ শতাংশ কালো মাটি মেশাতে হবে। এতে করে সার ভারী হবে, খরচ কমবে। সব মিলিয়ে খরচ হবে ৪ টাকা। লাভ থাকবে কেজিপ্রতি ১.৬০ টাকা।”
জানতে চাইলাম, “এমন মানের সার জমিতে দিলে দেশ, মাটি, কৃষক তথা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না?”
আমার কথা শুনে তারা খিলখিল করে হেসে বলল, “আসলে বিষয়টা তাই ভাই। মানুষ তো বোকা, এই চালাকিই করতে হবে।”
বুঝতে বাকি রইল না, এরা আসলে দেশের শত্রু।
বাংলাদেশে একমাত্র মনিরামপুর উপজেলার গাজী এনামুল হক সাহেব বিভিন্ন ওয়াজ মাহফিলের মতো অনুষ্ঠান করে আমার প্রচার ও প্রসারে সহযোগিতা করেছিলেন। বর্তমান কেশবপুর উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুল আল মামুন আমার পাশে আছেন।
অনেক লেখক ও সাংবাদিকের সঙ্গে এ নিয়ে আলোচনা করেও কোনো ফল পাইনি।
তবুও সংগ্রামে লেগে আছি, লেগে থাকব।
কাজী ইশতিয়াক আহমেদ রনি
কাপাষহাটি, অভয়নগর, যশোর
০১৯৫৩৮১৫৮০৮




















