নির্যাতিতা থেকে মিসেস ইন্ডিয়া , হাঁটা থামাননি কাশ্মীরি কন্যা
মুকুটের আড়ালে লুকিয়ে রয়েছে বহু বেদনা। বঞ্চনার বেদনা, নির্যাতনের বেদনা।
মুকুটের আড়ালে লুকিয়ে রয়েছে অনেক বছরের লড়াই। মেয়েকে একা একা বড় করার লড়াই। হাল না ছাড়ার লড়াই।
লড়াই চালিয়ে যাওয়ার সাহস। কোনও প্রশিক্ষণ ছাড়াই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার সাহস। সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হয়েও এগিয়ে যাওয়ার সাহস।
নুসরাত পারভিন। ৩৬ বছর বয়সি এই কাশ্মীরি কন্যা কয়েক দিন আগেই মালয়েশিয়ায় এক আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় বিজেতার মুকুট জিতে নিয়েছেন। তিনিই এ বছরের ‘মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল’।
সাফল্যের এই পথটা আদপেই মসৃণ ছিল না। ‘‘সত্যিই বলতে কী, কখনও ভাবিইনি সৌন্দর্য প্রতিযোগিতায় নাম দেব। বিদেশে গিয়ে স্টেজে র্যাম্পে হাঁটব,’’ আনন্দবাজারকে বললেন নুসরত।
জন্ম কুলগামে। বাবা ছিলেন সেনাবাহিনীতে। কিশোরীবেলা থেকেই মহারাষ্ট্রে থাকতেন নুসরতরা। ...














