উত্তেজনায় হাত-পায়ের তালু ঘামে? অসুখ নয় তো!
অল্পেই নার্ভাস হয়ে পড়েন আর তেমনটা হলেই হু হু করে ঘামতে থাকে আপনার হাতের পাতা বা পায়ের তলদেশ? যত ক্ষণ উত্তেজনা তত ক্ষণই সেই ঘাম থেকে যায় হাত-পায়ে। বার বার ঘাম মুছলেও তা সহজে যায় না। আপনিও কি এই একই সমস্যায় জেরবার?
অনেকেই একে ‘অসুখ’ ভেবে চিকিৎসকের দ্বারস্থ হন। কেউ কেউ ভয় পান, হয়তো শরীরের আনাচেকানাচে লুকিয়ে রয়েছে কোনও অসুখ, যার প্রকাশমাধ্যম এই ঘাম।কিন্তু এই ঘামকে চিকিৎসকরা কী চোখে দেখছেন, কেনই বা এমনটা হয়, আদৌ কি এই ঘাম কোনও অসুখের সঙ্কেত?
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সুবর্ণ গোস্বামীর মতে, শরীরে ঘর্মগ্রন্থির সংখ্যা ৪০ থেকে ৫০ লক্ষ। এক্রিন, অ্যাপোএক্রিন, অ্যাপোক্রিন ইত্যাদি। এদের মধ্যে এক্রিনের সংখ্যাই সর্বাধিক। শুধু তাই-ই নয়, হাত ও পায়ের তালুতেই এদের উপস্থিতি সবচেয়ে বেশি।
তাঁর মতে, এক জন কোনও নির্দিষ্ট উত্তেজনা, মূলত ভয় পেলে বা হঠাৎই কোনও আনন্দ পেলে শরীরে অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়।...














