স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি - Mati News
Thursday, September 10

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করে। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্যারোলের সময়সীমা কার্যকর থাকবে।

পারিবারিক সূত্রে জানা যায়, ব্যারিস্টার তৌফিক নেওয়াজ দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ৭৬ বছর বয়সে মারা যান। বাবার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই তার মেয়ে তানি দীপাবলি নেওয়াজ মায়ের মুক্তির জন্য তৎপর হয়ে ওঠেন। বুধবার সকাল থেকেই তিনি মুন্সীগঞ্জের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন এবং দুপুরে মুন্সীগঞ্জ কারাগারে গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

এরপর দুপুর পৌনে ২টার দিকে তানি দীপাবলি মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন জানান। সেই আবেদনের প্রেক্ষিতেই প্রশাসন ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করে। মুক্তি পাওয়ার পর দীপু মনি ঢাকায় পৌঁছাবেন এবং স্বামীর জানাজা ও দাফন প্রক্রিয়ায় অংশ নেবেন বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন। বর্তমানে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৬০টিরও বেশি মামলা চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *