অভ্যন্তরীণ ফ্লাইট বাড়াতে বিমানে আসছে আরও একটি ড্যাশ
অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটে যাত্রী চাহিদা বাড়লেও রুটগুলোতে ফ্লাইট বাড়াতে পারছে না রাষ্ট্রায়ত্ত আকাশ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বর্তমানে বিমানবহরে থাকা দুটি ড্যাশ উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুট চালাতে হিমশিম খেতে হচ্ছে বিমানকে।
এ বাস্তবতায় অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটে ফ্লাইট নির্বিঘ্ন করতে কানাডা থেকে লিজে ড্যাশ-৮ মডেলের একটি উড়োজাহাজ আনার প্রক্রিয়া চলছে। এমন তথ্য জানিয়েছেন সংস্থাটির মার্কেটিং অ্যান্ড সেলস’র ভারপ্রাপ্ত পরিচালক আশরাফুল আলম।
তিনি জানান, ৭৪ আসন বিশিষ্ট ড্যাশ-৮ উড়োজাহাজটি লিজে সংগ্রহ করতে গত মে মাসে চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী সেপ্টেম্বরে বিমানের বহরে যুক্ত হবে উড়োজাহাজটি। জাহাজটি বহরে যুক্ত হলে অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটে ফ্লাইট কিছুটা নির্বিঘ্ন হবে।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, একটি উড়োজাহাজ রক্ষণাবেক্ষণে পাঠালে আমরা বিপদে পড়ে যাই...











