প্রিয় ওয়েস্টার্ন
ওয়েস্টার্ন উপন্যাস নিয়ে স্মৃতিচারণমূলক লেখাটি লিখেছেন ইশতিয়াক হাসান
শীতের মিষ্টি সকালে, জানালা গলে এক ফালি রোদ এসে পড়ছে আমার চোখে-মুখে, হাতের খোলা বইটায়। আরামদায়ক এই পরিবেশে নানার বাড়ির বারান্দা লাগোয়া সাত ফুট বাই ছয় ফুট ছোট্ট রুমে শুয়ে থাকা আমি গন্ডি পেরিয়ে হারিয়ে গিয়েছি অন্য এক জগতে। দীর্ঘ-আকাশছোঁয়া পাহাড়সারি, ধূ ধূ মরুভূমি, সীমান্ত শহরের ধূলি-ধূসরিত রাস্তা, সেল্যুনে গ্লাসের টুংটাং, হঠাৎ মাথায় হ্যাট চাপানো রুক্ষ চেহারার কাউবয়ের খিস্তি-খাউর, আচমকা দুই পিস্তলবাজের গোলাগুলি কিংবা ঘোড়ায় টানা ওয়াগনের শহরপ্রবেশ যেখানকার পরিচিত চিত্র।
সত্যি সময়টা ছিল ওয়েস্টার্ন এ বুদ হয়ে থাকার। সেবাই আশ্চর্য এই স্বাদ আস্বাদনের সুযোগ করে দিয়েছে আমাকে, আমাদের। ঠিক কোন ওয়েস্টার্নের মাধ্যমে বুনো পশ্চিমের ওই জগতে পদার্পন তা আর মনে নেই, তবে সম্ভবত ক্লাস ফাইভে পড়ি তখন। নানার বাড়ির বইয়ের আলমারির গল্প আগের এক...








