আর্কটিক মহাসাগরের কেন্দ্রীয় অংশে প্রথমবার বরফ স্টেশন জরিপ শুরু করেছে চীনের গবেষণাজাহাজ ‘সুয়েলং-২’। রোববার দেশটির ১৬তম আর্কটিক অভিযানের অংশ হিসেবে প্রায় ৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশের কাছে এই গবেষণা কার্যক্রম শুরু হয়।
এই অভিযানে আর্কটিকের পরিবর্তনশীল পরিবেশ নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত গলে যাওয়া বরফের প্রভাব এবং সেখানকার সামুদ্রিক পরিবেশের পরিবর্তন পর্যবেক্ষণ করা হবে।
চীনা গবেষণা দল সাতটি বরফ স্টেশনে ২০টির বেশি বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এর মধ্যে রয়েছে বরফের ওপর ভাসমান বয়া স্থাপন, বরফের নমুনা সংগ্রহ এবং সমুদ্রের বরফের ওপর রিমোট সেন্সিং পর্যবেক্ষণ।
গবেষকরা একই সঙ্গে আর্কটিকের বায়ুমণ্ডল, সমুদ্রের বরফ, ওপরের স্তরের সমুদ্র এবং বরফের নিচের সামুদ্রিক বাস্তুতন্ত্র নিয়ে তথ্য সংগ্রহ করবেন।
গবেষণায় পাওয়া তথ্য আর্কটিক অঞ্চলের বরফ দ্রুত গলে যাওয়ার কারণ, এর পরিবর্তনের গতি এবং সামুদ্রিক প্রাণ ও পরিবেশের ওপর এর প্রভাব বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: সিএমজি 



















