ইন্দোনেশিয়ায় চীনা বিনিয়োগকারীদের সাফল্য মানে দেশটিরও সাফল্য: পররাষ্ট্র মন্ত্রণালয় - Mati News
Tuesday, October 13

ইন্দোনেশিয়ায় চীনা বিনিয়োগকারীদের সাফল্য মানে দেশটিরও সাফল্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

দীর্ঘদিন ধরে চীন ও ইন্দোনেশিয়া পরিপূরক সুবিধা কাজে লাগিয়ে জ্বালানি ও খনিসহ বিভিন্ন ক্ষেত্রে কল্যাণকর সহযোগিতা জোরদার করেছে। এর বাস্তব সুফল পেয়েছে দুই দেশের জনগণ। তাই ইন্দোনেশিয়ায় চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সাফল্য মানে ইন্দোনেশিয়ারও সাফল্য। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

সম্প্রতি ইন্দোনেশিয়ার বিনিয়োগ ও নিম্নমুখী শিল্পায়নবিষয়ক মন্ত্রণালয় ওয়েদাবে ইন্ডাস্ট্রিয়াল পার্কের সঙ্গে যৌথভাবে চীনা বিনিয়োগে খনি খাতের নিম্নমুখী শিল্পায়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।

অনুষ্ঠানে দেওয়া ভাষণে ইন্দোনেশিয়াকে সহযোগিতা ও আস্থা রাখার জন্য চীনা বিনিয়োগকারীদের ধন্যবাদ জানান সুবিয়ান্তো। তিনি বলেন, ইন্দোনেশিয়ায় বিনিয়োগ এবং দেশটির সঙ্গে সহযোগিতা ও উন্নয়নে যুক্ত হওয়া বিনিয়োগকারীদেরকে তার সরকার ভাই-বোনের মতো বিবেচনা করবে এবং পরিবারের সদস্যের মতো সুরক্ষা দেবে।

সুবিয়ান্তোর এ বক্তব্যে চীনের মন্তব্য জানতে চাওয়ার প্রেক্ষাপটেই ওই মন্তব্য করেন মাও নিং।

তিনি আরও বলেন, ইন্দোনেশিয়ার সঙ্গে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে অর্জিত কৌশলগত ঐকমত্য বাস্তবায়নে কাজ করতে আগ্রহী চীন। পাশাপাশি, সংশ্লিষ্ট খাতগুলোতে পারস্পরিক কল্যাণকর সহযোগিতা আরও গভীর করা, ইন্দোনেশিয়ার প্রাকৃতিক সম্পদের সুবিধাকে উন্নয়নের চালিকাশক্তিতে রূপান্তরিত করতে সহায়তা করা এবং দেশটির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এগিয়ে নেওয়ার প্রত্যাশাও করে বেইজিং।

মাও নিং বলেন, চীন বিশ্বাস করে ইন্দোনেশিয়া সরকার চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষিত রাখবে এবং তাদের জন্য উন্মুক্ত, ন্যায্য, স্বচ্ছ ও বন্ধুত্বপূর্ণ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *