খেলোয়াড়দের ডোপিংয়ে প্ররোচনার শাস্তি নির্ধারণ করল চীনের সর্বোচ্চ আদালত - Mati News
Friday, November 27

খেলোয়াড়দের ডোপিংয়ে প্ররোচনার শাস্তি নির্ধারণ করল চীনের সর্বোচ্চ আদালত

দেশের বড় ক্রীড়া প্রতিযোগিতা কিংবা আন্তর্জাতিক আসরে অংশ নেওয়া খেলোয়াড়দের বারবার নিষিদ্ধ কর্মক্ষমতা বৃদ্ধিকারী ওষুধ ব্যবহারে প্ররোচিত, উৎসাহিত বা প্রতারণার মাধ্যমে বাধ্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অপরাধী হিসেবে গণ্য করা হবে। এ অপরাধে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ডের পাশাপাশি জরিমানাও হতে পারে। নতুন এক আইনি ব্যাখ্যায় এ বিধান স্পষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার চীনের সর্বোচ্চ বিচারিক কর্তৃপক্ষ সুপ্রিম পিপলস কোর্ট এবং সুপ্রিম পিপলস প্রোকিউরেটোর এ বিষয়ে এক যৌথ বিচারিক ব্যাখ্যা জারি করে। এতে ডোপিং-সংক্রান্ত ফৌজদারি মামলায় কোন পরিস্থিতিকে ‘গুরুতর অপরাধমূলক পরিস্থিতি’ হিসেবে বিবেচনা করা হবে, তা স্পষ্ট করা হয়েছে।

নতুন ব্যাখ্যায় বলা হয়েছে, বারবার অপরাধ করা বা একাধিক খেলোয়াড়কে লক্ষ্যবস্তু করার পাশাপাশি শিশু ও প্রতিবন্ধী খেলোয়াড়দের নিষিদ্ধ কর্মক্ষমতা বৃদ্ধিকারী ওষুধ ব্যবহারে উৎসাহিত, প্ররোচিত বা প্রতারণা করাও গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। এসব ক্ষেত্রে অপরাধীদের সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড বা আটকাদেশের পাশাপাশি জরিমানা করা হতে পারে।

গুরুতর অপরাধের অন্যান্য পরিস্থিতির মধ্যে রয়েছে— ডোপিং-সংক্রান্ত অপরাধে শাস্তি বা দণ্ড পাওয়ার দুই বছরের মধ্যে একই ধরনের অপরাধে পুনরায় জড়ানো, খেলোয়াড়দের শারীরিক বা মানসিক স্বাস্থ্যের উল্লেখযোগ্য ক্ষতি করা, ৫০ হাজার ইউয়ানের বেশি অবৈধ আয় করা এবং গুরুতর নেতিবাচক সামাজিক প্রভাব সৃষ্টি করে এমন কর্মকাণ্ডে জড়িত হওয়া।

১৪টি অনুচ্ছেদ সংবলিত এই বিচারিক ব্যাখ্যা আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে। এর লক্ষ্য হলো, ডোপিং সংক্রান্ত অপরাধ দমনে চীনের বিভিন্ন অঞ্চলের বিচারক ও কৌঁসুলিদের কার্যকরভাবে সহায়তা করা। এর মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার সুষ্ঠুতা এবং খেলোয়াড়দের কল্যাণ সুরক্ষিত হবে বলে আইনি নথিতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘গুরুতর পরিস্থিতির সংজ্ঞা স্পষ্ট করার ফলে আইনি প্রয়োগের ক্ষেত্রে বিভ্রান্তি দূর হবে এবং সংশ্লিষ্ট মামলাগুলো পরিচালনায় নির্ভুলতা ও দক্ষতা বাড়বে।’

বিচারিক ব্যাখ্যায় আরও বলা হয়েছে, ডোপিং-সংক্রান্ত অপরাধ একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। এর মধ্যে রয়েছে চোরাচালান, অবৈধ উৎপাদন, বিক্রি ও ব্যবহার।

বেইজিং চিংশ ল’ ফার্মের আইনজীবী সু হাও বলেন, ‘দেশের ভেতরে ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার সংখ্যা ও বৈচিত্র্য বাড়ার প্রেক্ষাপটে খেলাধুলায় ন্যায্যতা ও সুবিচার নিশ্চিত করতে এ বিচারিক ব্যাখ্যা গুরুত্বপূর্ণ।‘

তিনি বলেন, ‘ডোপিংয়ের বিরুদ্ধে কঠোর নিয়ন্ত্রণ ক্রীড়া প্রতিযোগিতায় প্রতারণা ও অন্যান্য অনিয়ম প্রতিরোধে সহায়তা করে। এটি প্রতিযোগিতার শৃঙ্খলা বজায় রাখে এবং ক্রীড়া কার্যক্রমের মানসম্মত পরিচালনা নিশ্চিত করে। পাশাপাশি খেলোয়াড়দের বৈধ অধিকার ও স্বার্থের সুরক্ষাও জোরদার করবে।’

তিনি আরও উল্লেখ করেন, ক্রীড়াখাতে আইনি কাঠামো শক্তিশালী করা আইনের শাসনের ভিত্তিতে ক্রীড়া পরিচালনায় চীনের ভাবমূর্তি উন্নয়নেও সহায়ক হবে।

ডোপিংয়ের বিরুদ্ধে চীন ধারাবাহিকভাবে কঠোর অবস্থান বজায় রেখেছে। ক্রীড়াখাতে ডোপিংবিরোধী পরিবেশ গড়ে তুলতে দেশটি বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। গত জুলাইয়ে চীন ক্রীড়ার উন্নয়নে নতুন পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা প্রকাশ করে। এতে গণমানুষের শরীরচর্চা, উচ্চপর্যায়ের ক্রীড়া, তরুণদের শারীরিক শিক্ষা এবং ডোপিংবিরোধী কর্মসূচিসহ বিভিন্ন ক্ষেত্রে ৩৮টি গুরুত্বপূর্ণ কাজের কথা উল্লেখ করা হয়।

সিএমজি

Doping control in sports made stricter - Chinadaily.com.cn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *