চীনের নবম আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই) আয়োজনের প্রস্তুতি পুরোদমে চলছে। সোমবার মেলার জন্য প্রথম দফার প্রদর্শনসামগ্রী শাংহাইয়ে পৌঁছেছে।
আগামী ৫ থেকে ১০ নভেম্বর অনুষ্ঠেয় এ মেলায় আন্তর্জাতিক অংশগ্রহণ উল্লেখযোগ্য। এতে ১৬২টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি বিদেশি ৪ হাজার ১০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত প্রদর্শনী এলাকা ৩ লাখ ৭০ হাজার বর্গমিটার ছাড়িয়েছে।
প্রযুক্তি, চিকিৎসা সরঞ্জাম, খাদ্য ও ভোগ্যপণ্যসহ বিভিন্ন খাতের উদ্ভাবনী পণ্য প্রদর্শিত হবে এ মেলায়। এর মধ্যে অস্ট্রিয়ার উন্নত মেশিন টুলস এবং পেরুর অর্গানিক কলাসহ বেশ কিছু পণ্য প্রথমবারের মতো বিশ্ববাজারে উন্মোচন করা হবে।
গুডফার্মার ফ্রেশ ফ্রুট ট্রেডিং করপোরেশনের বিপণন পরিচালক চেং সিয়াওছিং বলেন, সিআইআইইতে টানা নবমবারের মতো অংশ নিচ্ছে তার প্রতিষ্ঠান। এবার বিশ্ববাজারে প্রথমবারের মতো দুটি পণ্য উন্মোচন করা হবে পেরুর গুডফার্মারের অর্গানিক কলা এবং নেদারল্যান্ডসের ম্যাজিক স্টার আপেল।
তিনি বলেন, এ আয়োজনকে প্ল্যাটফর্ম হিসেবে কাজে লাগিয়ে আমরা প্রদর্শিত পণ্যকে বাজারজাত পণ্যে এবং পরে জনপ্রিয় বিক্রয়পণ্যে পরিণত করি। আমরা আশা করছি, বসন্ত উৎসবের সময় বিক্রি উল্লেখযোগ্যভাবে বাড়বে।
এসওয়াইআর ট্রেডিং (শাংহাই)-এর উপমহাব্যবস্থাপক থাং ফেং এ মেলাকে বিদেশি কোম্পানিগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, প্রথম তিনটি সিআইআইইতে আমরা শুধু পণ্য প্রদর্শন করেছি। পঞ্চম আসর থেকে আমরা বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয়েছি। ২০২৩ সালে নিংপোতে আমাদের কার্যক্রম শুরু করি এবং চীনে প্রথম উৎপাদনকেন্দ্র স্থাপনে বিনিয়োগ করি।
থাং ফেং আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে নগর পুনর্নবীকরণের ফলে তাঁদের প্রতিষ্ঠান গৃহস্থালি পণ্য থেকে বাণিজ্যিক ভবনে ব্যবহৃত পণ্যের দিকে ব্যবসা সম্প্রসারণ করেছে।
এদিকে, মেলার প্রদর্শনীস্থলে নির্মাণকাজও পুরোদমে চলছে। জাতীয় প্রদর্শনী ও সম্মেলন কেন্দ্র (শাংহাই)-এর অপারেশন সেন্টারের মহাব্যবস্থাপক চেং ইয়ুশেং আশা প্রকাশ করেন, ৩১ অক্টোবরের মধ্যে অধিকাংশ স্টলের কাঠামো নির্মাণ সম্পন্ন হবে।
সূত্র: সিএমজি


















