মে ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে ক্রোমাইট খনিজ অনুসন্ধানে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। দেশটির খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাম্প্রতিক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
লুওবুশা খনি এলাকায় নতুন করে মোট ৭ লাখ ৩৮ হাজার ৩০০ মেট্রিক টন ক্রোমাইট যুক্ত হয়েছে।
এ ছাড়া, তোংছিয়াও অঞ্চলে অনুসন্ধানকারী দল প্রথমবারের মতো এক নতুন ধরনের ক্রোমাইট খনির সন্ধান পেয়েছে। এতে আরও ১১ লাখ ৪৬ হাজার ৩০০ টন ক্রোমাইট সম্পদ যুক্ত হয়েছে।
ক্রোমাইট হলো ক্রোমিয়াম ধাতুর প্রধান উৎস। ইস্পাত শিল্পে ক্রোমিয়াম ধাতুর কারণে ইস্পাত আরও শক্ত, টেকসই, তাপ-সহনশীল ও ক্ষয়রোধী হয়। তাই একে ‘ইস্পাত শিল্পের ভিটামিন’ও বলা হয়।
চীন বিশ্বের অন্যতম বৃহৎ ক্রোমাইট ব্যবহারকারী দেশ। তবে খনিজটি অত্যন্ত দুর্লভ এবং অনুসন্ধান করা কঠিন হওয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ।





















