যুক্তরাষ্ট্রের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সংলাপ ও যোগাযোগ আরও জোরদার করতে প্রস্তুত রয়েছে চীন। বৃহস্পতিবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এই কথা জানান।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)-এর পরিচালক কাশ প্যাটেল ট্রান্সন্যাশনাল বা আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে চীন ও রাশিয়ার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, এফবিআই বর্তমানে যে আইনশৃঙ্খলা অংশীদারিত্বের মডেল অনুসরণ করছে, তা প্রায় যেকোনো দেশের ক্ষেত্রেই প্রয়োগ করা যেতে পারে। মার্কিন এই কর্মকর্তার মন্তব্যের পরই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ইতিবাচক প্রতিক্রিয়া জানানো হলো।
সংবাদ সম্মেলনে মুখপাত্র লিন চিয়ান বলেন, “সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং উভয়পক্ষের লাভের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতামূলক কার্যক্রমে অংশ নিতে আমরা প্রস্তুত।”
সূত্র: সিএমজি



















