চীন ও পাকিস্তানের সেনাবাহিনীর প্রথম যৌথ সামরিক মহড়ায় শুরু হয়েছে দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ। বৃহস্পতিবার উত্তর-পশ্চিম চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কোরলা শহরে এ প্রশিক্ষণ পর্ব শুরু হয়।
‘কারাকোরাম ২০২৬’ নামে পরিচিত এ যৌথ মহড়া বুধবার শুরু হয়। উচ্চ পার্বত্য অঞ্চলে সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোই এ মহড়ার মূল লক্ষ্য।
মহড়ায় চালকবিহীন আকাশযান পরিচালনা, চলন্ত অবস্থায় লক্ষ্যবস্তু শনাক্ত ও গুলি চালানো এবং দূরপাল্লার স্নাইপিংসহ বিভিন্ন দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি রয়েছে যৌথ নেতৃত্ব ও সরাসরি সৈন্যদের অংশগ্রহণে বিভিন্ন কৌশলগত অনুশীলন।
পর্বতারোহণ প্রশিক্ষণ মাঠে চীনা সামরিক কর্মকর্তারা ও সৈন্যরা পাকিস্তানি সহকর্মীদের দড়ি বেয়ে ওঠা, ওপর থেকে নিচে নামা এবং কৃত্রিম পাহাড়ে আরোহণের মতো মৌলিক কৌশল প্রদর্শন করেন।
এ যৌথ প্রশিক্ষণের মাধ্যমে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে দুই দেশের সহযোগিতা আরও গভীর করা এবং যৌথভাবে অভিযান পরিচালনার সক্ষমতা জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।
সূত্র: সিএমজি


















