জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা - Mati News
Tuesday, June 9

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা

মে ১৭: মার্কিন সময় ১৫ মে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে, সিরিয়াবিষয়ক একটি উন্মুক্ত সম্মেলন আয়োজন করা হয়। জাতিসংঘে নিযুক্ত স্থায়ী চীনা প্রতিনিধি ফু ছুং এতে বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। যুদ্ধের দুর্ভোগে সিরিয়ার জনগণ গভীর কষ্টে রয়েছে এবং তাঁরা স্থায়ী শান্তির প্রত্যাশা করছে। আন্তর্জাতিক সমাজের উচিত, সিরিয়াকে সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করা।

ফু ছুং বলেন, সিরিয়ার স্থিতিশীলতা রক্ষার ভিত্তি হলো অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক উত্তরণকে এগিয়ে নেওয়া। সিরিয়ার রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়া সিরিয়ার জনগণের নেতৃত্বে হওয়া উচিত এবং সিরিয়ার ভবিষ্যৎ কেবল সিরিয়ার জনগণই নির্ধারণ করবে। চীন সিরিয়ার সব পক্ষকে পারস্পরিক সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানায় এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে মতভেদ ও বিরোধ সমাধানের তাগিদ দেয়। সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক সংলাপ অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, সিরিয়ার স্থিতিশীলতা রক্ষার মূল চাবিকাঠি হলো সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করা। সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতি এখনও দুর্বল এবং দেশটিতে সক্রিয় সন্ত্রাসী শক্তিগুলো আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। চীন সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানায়, তারা যেন “ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট”-সহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তালিকাভুক্ত সব আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

ফু ছুং আরও বলেন, সিরিয়ার স্থিতিশীলতা রক্ষার জন্য পর্যাপ্ত সম্পদ ও সহায়তা নিশ্চিত করা বেশ গুরুত্বপূর্ণ। সিরিয়ায় মানবিক চাহিদা ক্রমশ বাড়ছে। আন্তর্জাতিক সমাজের উচিত, দেশটির জন্য মানবিক ও উন্নয়ন সহায়তা বৃদ্ধি করা; সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সমর্থন জানানো; গোলান মালভূমি সিরিয়ার ‘অধিকৃত ভূখণ্ড’ হিসেবে স্বীকৃতি দেওয়া। ইসরায়েলকে সিরিয়ার অভ্যন্তরে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করতে এবং যত দ্রুত সম্ভব সিরিয়ার ভূখণ্ড থেকে সরে যাওয়ার আহ্বানও জানান তিনি। (শিশির/আলিম/আকাশ)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *