দক্ষিণ চীন সাগর ইস্যুতে সতর্ক থাকার আহ্বান চীনের - Mati News
Wednesday, August 26

দক্ষিণ চীন সাগর ইস্যুতে সতর্ক থাকার আহ্বান চীনের

দক্ষিণ চীন সাগর ইস্যুতে ইউরোপীয় দেশগুলোকে সতর্ক ও বিচক্ষণ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’ সমর্থন না করারও আহ্বান জানিয়েছে বেইজিং।

মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, কয়েকটি ইউরোপীয় দেশ সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের সঙ্গে যৌথ বিবৃতিতে ওই সালিশি রায়ের ১০ বছর পূর্তি উপলক্ষে সমর্থন জানিয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নও এ বিষয়ে পৃথক একটি বিবৃতি প্রকাশ করেছে।

লিন চিয়ান বলেন, এসব বিবৃতিতে প্রকৃত ঘটনা বিকৃত করাসহ চীনের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপপ্রচার চালানো হয়েছে। এ ধরনের অবস্থানের প্রতি চীন গভীর দুঃখ প্রকাশ এবং দৃঢ়ভাবে এর বিরোধিতা করছে।

তিনি আরও বলেন, ইউরোপীয় দেশগুলো যেন দক্ষিণ চীন সাগর-সংক্রান্ত বিষয়ে বিচক্ষণতার সঙ্গে পদক্ষেপ নেয় এবং ‘অবৈধ’ ওই সালিশি রায়কে সমর্থন জানানোয় বিরত থাকে। অন্যথায় চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি সতর্ক করেন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *