দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন, স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানের আহ্বান চীনের - Mati News
Friday, August 7

দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন, স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানের আহ্বান চীনের

দক্ষিণ সুদান এ বছর তার প্রথম জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এ প্রেক্ষাপটে দেশটির স্থিতিশীলতা রক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত বলে মন্তব্য করেন জাতিসংঘে চীনের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি সুন লেই। বৃহস্পতিবার দক্ষিণ সুদান বিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত বৈঠকে এ কথা বলেন তিনি।

সুন লেই বলেন, ‘সম্প্রতি দক্ষিণ সুদানের জাতীয় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, চলতি বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির অন্তর্বর্তীকালীন প্রক্রিয়া এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় জাতীয় স্থিতিশীলতা বজায় রাখা মৌলিক পূর্বশর্ত। আমরা সব পক্ষকে শান্ত ও সংযত থাকার, সহিংসতা থেকে বিরত থাকার এবং পরিস্থিতির আরও অবনতি ঠেকানোর আহ্বান জানাই।’

তিনি আরও বলেন, ‘বেসামরিক মানুষ ও মানবিক সহায়তাকর্মীদের সুরক্ষা আন্তর্জাতিক মানবিক আইনের এক অলঙ্ঘনীয় নীতি, যা সব পক্ষের মেনে চলা বাধ্যতামূলক। চীন দক্ষিণ সুদান সরকার এবং দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনের আন্তঃসাম্প্রদায়িক সংলাপ আরও এগিয়ে নেওয়া, আস্থা বৃদ্ধিমূলক পদক্ষেপ বাস্তবায়ন এবং জনগণের মধ্যে সম্প্রীতি ও ঐক্য জোরদারের প্রচেষ্টাকে সমর্থন করে।’

দক্ষিণ সুদানের জাতীয় নির্বাচন কমিশন সোমবার ঘোষণা করে যে, ২০১১ সালে স্বাধীনতা অর্জনের পর দেশটির প্রথম জাতীয় নির্বাচন আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *