টাইফুন নৌলের প্রভাবে পাহাড়ি বন্যার আশঙ্কা বেড়ে যাওয়ায় চীনের চিয়াংসি, হুনান ও কুয়াংতোং প্রদেশে বন্যা মোকাবিলায় জরুরি সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছে। দেশটির পানিসম্পদ মন্ত্রণালয় বন্যা মোকাবিলায় জরুরি সাড়া দেওয়ার মাত্রা লেভেল-৪ থেকে লেভেল-৩-এ উন্নীত করেছে।
রোববার মন্ত্রণালয় জানায়, তিন প্রদেশের ৪৩টি কাউন্টিতে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত পাহাড়ি বন্যার রেড অ্যালার্ট জারি রয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় চিয়াংসি ও হুনান প্রদেশে অতিরিক্ত দুটি বিশেষ কর্মদল পাঠানো হয়।
স্থানীয় কর্তৃপক্ষকে টাইফুনের গতিপথ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। পাশাপাশি পাহাড়ি নদী, পাহাড়ের পাদদেশের জনবসতি, নির্মাণাধীন এলাকা, উপত্যকার পর্যটনকেন্দ্র এবং সেতুর আশপাশে বিশেষ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া আগাম সতর্কবার্তা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং প্রয়োজন হলে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
এদিকে, ক্ষতিগ্রস্তদের সহায়তায় রোববার কুয়াংতোং, চিয়াংসি ও হুনান প্রদেশে ২৫ হাজারের বেশি ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে ভাঁজ করা খাট, টেবিল-চেয়ার, কম্বল এবং জরুরি পারিবারিক সহায়তা কিট। এসব সামগ্রী ক্ষতিগ্রস্ত মানুষের অস্থায়ী পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রমে ব্যবহার করা হবে।
সূত্র: সিএমজি





















