প্রধানমন্ত্রী লি ছিয়াং ও বাদশাহ আবদুল্লাহ’র বৈঠক, সম্পর্কে গুরুত্বে জোর - Mati News
Monday, September 14

প্রধানমন্ত্রী লি ছিয়াং ও বাদশাহ আবদুল্লাহ’র বৈঠক, সম্পর্কে গুরুত্বে জোর

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। সোমবার বেইজিংয়ে এক বৈঠকে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য এবং বিনিয়োগসহ নানাক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

বৈঠকে লি ছিয়াং বলেন, আগামী বছর চীন ও জর্ডানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি হবে। এ উপলক্ষে ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও জোরদার, রাজনৈতিক আস্থা বাড়ানো এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একে অপরকে সমর্থন অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন তিনি।

চীনের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশ বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নিতে পারে। পাশাপাশি সবুজ জ্বালানি, বৈদ্যুতিক গাড়ি, ডিজিটাল অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিল্প উদ্ভাবনে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। সাংস্কৃতিক বিনিময় ও দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির আহ্বানও জানান লি।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনে জর্ডানসহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে চীন-আরব সম্পর্ক উন্নয়নে জর্ডানের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রত্যাশা করেন।

বাদশাহ আবদুল্লাহ বলেন, জর্ডান এক চীন নীতিতে দৃঢ়ভাবে অটল। দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তিকে কাজে লাগিয়ে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, খনিজ, পর্যটন, নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী আম্মান।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *