শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে চীন থেকে আসবে শিক্ষক: শিক্ষামন্ত্রী - Mati News
Tuesday, September 15

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে চীন থেকে আসবে শিক্ষক: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের শিক্ষার্থীদের কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়নে চীন থেকে দক্ষ শিক্ষক আনার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে চীনা শিক্ষকদের জন্য ভিসা পদ্ধতি সহজ করার কাজ চলছে।

রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিনের নেতৃত্বে সম্প্রতি আমাদের একটি প্রতিনিধিদল চীন সফর করেছে। সেই সফরে শিক্ষা খাতে চীনের সঙ্গে আমাদের বেশ কয়েকটি সমঝোতাস্মারক সই হয়েছে। চীন তাদের শিল্পখাত (ইন্ডাস্ট্রি) ও শিক্ষা প্রতিষ্ঠানের (একাডেমিয়া) মধ্যে অত্যন্ত শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছে। আমরা চীনের সেই সফল মডেল অনুসরণ করে আমাদের শিক্ষা ও শিল্পখাতের মধ্যে সমন্বয় করতে চাই।

তিনি আরও জানান, প্রতিনিধিদলের চীন সফরের অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা বাড়াতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ভাষাগত দক্ষতা অর্জনে সরকার চীন থেকে শিক্ষক নিয়োগ দেবে। এসব শিক্ষকদের বাংলাদেশে আসার ক্ষেত্রে বিদ্যমান ভিসা জটিলতা দূর করতে ইতোমধ্যে মন্ত্রিপরিষদে একটি কমিটি গঠন করা হয়েছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *