শেনচেনে স্মার্ট ফটোগ্রাফি সরঞ্জাম কিনছেন বিদেশি পর্যটকরা - Mati News
Thursday, August 27

শেনচেনে স্মার্ট ফটোগ্রাফি সরঞ্জাম কিনছেন বিদেশি পর্যটকরা

দক্ষিণ চীনের প্রযুক্তিকেন্দ্র শেনচেনের ব্যস্ত বাণিজ্যিক এলাকা হুয়াচিয়াংবেই ইলেকট্রনিক্স মার্কেট ক্রমেই আন্তর্জাতিক ক্রেতা ও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হচ্ছে। ‘চীনের এক নম্বর ইলেকট্রনিক্স সড়ক’ হিসেবে পরিচিত এই বাজারে অত্যাধুনিক প্রযুক্তিপণ্য কিনতে ভিড় করছেন বিভিন্ন দেশের ক্রেতারা।

চলতি গ্রীষ্মে হুয়াচিয়াংবেইয়ের বিশাল বাজারে একটি নতুন দৃশ্য ক্রমশ সাধারণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক পর্যটকদের দল স্মার্ট ফটোগ্রাফি ও চিত্রগ্রহণ সরঞ্জামের দোকানে ভিড় করছেন এবং দেশে ফেরার আগে অত্যাধুনিক ক্যামেরা ও আনুষঙ্গিক সরঞ্জাম কিনছেন।

বাজারের একটি বিশেষায়িত ইমেজিং সরঞ্জামের দোকানে সম্প্রতি বিদেশি ভ্রমণকারীদের উপস্থিতি বেড়েছে। তারা বিভিন্ন যন্ত্রপাতি পরীক্ষা করে দেখছেন এবং পছন্দের পণ্য কিনছেন। অনেকেই ব্যক্তিগত বা পেশাগত ব্যবহারের জন্য ক্যামেরা কিনতে দলবদ্ধভাবে সেখানে আসছেন।

হুয়াচিয়াংবেইয়ের দোকান ব্যবস্থাপকদের মতে, পকেট আকারের জিম্বল ক্যামেরা ও অ্যাকশন ক্যামেরা আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। সহজে ব্যবহারযোগ্য এসব যন্ত্রে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্মার্ট সম্পাদনা সুবিধাও রয়েছে।

শুধু ক্যামেরার ক্ষেত্রেই নয়, অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জামের বিক্রিও বাড়ছে। দোকান মালিকদের মতে, বিদেশি পর্যটকরা ক্যামেরার পাশাপাশি আলোকসজ্জা সরঞ্জাম, মাইক্রোফোন এবং বিভিন্ন ধরনের মাউন্ট ও ব্র্যাকেটও ক্রমশ বেশি কিনছেন।

এ বছর শেনচেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা বা অ্যাপেকের সভা অনুষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক ক্রেতাদের আরও ভালো সেবা দিতে হুয়াচিয়াংবেইয়ে বহুভাষিক পরিষেবা, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা উন্নত করা হয়েছে।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *