সম্প্রতি প্রকাশিত এক শিল্প প্রতিবেদন অনুযায়ী, উৎপাদন ও ব্যবহার উভয় ক্ষেত্রেই বৈশ্বিক হাইড্রোজেন শক্তির বাজারে নেতৃত্ব দিচ্ছে চীন। দেশটির নবায়নযোগ্য হাইড্রোজেন উৎপাদন ক্ষমতা এখন বিশ্বের মোট উৎপাদন ক্ষমতার ৫০ শতাংশেরও বেশি।
জাতীয় জ্বালানি প্রশাসনের সম্প্রতি প্রকাশিত ‘চায়না হাইড্রোজেন এনার্জি ডেভেলপমেন্ট রিপোর্ট ২০২৬’-এ জানিয়েছে, ২০২৫ সালে চীনের পুরো হাইড্রোজেন মূল্যশৃঙ্খলে উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও ব্যবহারসহ—উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।
দেশটির কার্যকর নবায়নযোগ্য হাইড্রোজেন উৎপাদন ক্ষমতা বছরে ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি।
উৎপাদনের সঙ্গে তাল মিলিয়ে অবকাঠামোগত উন্নয়নও এগিয়ে চলেছে। ২০২৬ সালের জুন পর্যন্ত চীনে প্রায় ৬২০টি হাইড্রোজেন জ্বালানি সরবরাহ কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং ৩৫০ কিলোমিটারেরও বেশি বিশুদ্ধ হাইড্রোজেন পাইপলাইন চালু হয়েছে।
বিশাল বাজারের কারণে হাইড্রোজেন প্রযুক্তির পুনরাবৃত্ত উন্নয়ন ও পরীক্ষার ক্ষেত্রে চীন বিশ্বের দ্রুততম ‘পরীক্ষাক্ষেত্র’ হিসেবে আবির্ভূত হয়েছে।
চায়না হাইড্রোজেন অ্যালায়েন্সের তথ্য অনুযায়ী, চতুর্দশ পঞ্চবার্ষিক পরিকল্পনা সময়কালে—২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত চীনের হাইড্রোজেন উৎপাদন ক্ষমতা ও উৎপাদন ধারাবাহিকভাবে বেড়েছে। উৎপাদন ও ব্যবহার উভয় ক্ষেত্রেই দেশটি ধারাবাহিকভাবে বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী পাঁচ বছরে হাইড্রোজেন চীনের বৃহত্তর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সঙ্গে আরও গভীরভাবে একীভূত হবে। এর ফলে শিল্পখাতে কার্বন নিঃসরণ কমানো এবং পরিবহনখাতের সবুজ রূপান্তরের মতো ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়বে।
সূত্র: সিএমজি




















