চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Mati News
Sunday, October 4

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিটি চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সামনে থেকে শুরু হয়। শোভাযাত্রাটি শহরের ডিসি কোর্ট, কোর্ট মোড়, পায়রা চত্বর ও ক্রসিং এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় সাহিত্য পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে জেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভাটি চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনার সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। সভায় বক্তারা মহিলা দলের দীর্ঘ পথচলার ইতিহাস, নারী নেতৃত্বের বিকাশ এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে জেলা মহিলা দলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শরিফুল আলম বিলাস, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম এবং জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা।

মহিলা দলের নেত্রী রহিম বেগম ও ফেরদৌস লাকীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন, সদস্যসচিব হাফেজ মাওলানা মাহাবুল হক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সিনিয়র সহসভাপতি ও সাবেক কাউন্সিলর শেফালী বেগম, যুগ্ম সম্পাদক ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল এবং সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন। এছাড়া সদর উপজেলা মহিলা দলের সভাপতি তেজেরা বেগম, আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের সভাপতি রিফাত সুলতানা বন্নী এবং দর্শনা থানা মহিলা দলের সভাপতি কোহিনুর বেগম সভায় নিজ নিজ বক্তব্য তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *