মুন্সীগঞ্জের গজারিয়ায় অটোরিকশায় রান্নার সিলিন্ডারের ব্যবহার: বাড়ছে বড় দুর্ঘটনার ঝুঁকি - Mati News
Monday, August 17

মুন্সীগঞ্জের গজারিয়ায় অটোরিকশায় রান্নার সিলিন্ডারের ব্যবহার: বাড়ছে বড় দুর্ঘটনার ঝুঁকি

মুন্সীগঞ্জের গজারিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় জ্বালানি হিসেবে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডারের অবৈধ ও ঝুঁকিপূর্ণ ব্যবহার উদ্বেগজনক হারে বেড়েছে। উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড থেকে হোগলাকান্দি হয়ে কালীপুরা ট্রলারঘাট পর্যন্ত সড়কে অন্তত ২৪টি অটোরিকশায় যাত্রীদের আসনের পেছনে দড়ি দিয়ে সিলিন্ডার বেঁধে চলাচল করতে দেখা গেছে। স্থানীয়দের মতে, যেকোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের মতো দুর্ঘটনা ঘটতে পারে।

অটোরিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় ধরে তীব্র গ্যাস সংকট চলছে। অনেক চালক ২৪ ঘণ্টার বেশি সময় লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না। আয়-রোজগার সচল রাখতে বাধ্য হয়েই তারা রান্নার এলপিজি সিলিন্ডারকে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক জানান, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস না পাওয়ায় পরিবারের খরচ মেটাতে এই বিকল্প বেছে নিতে হয়েছে। তবে চালকদের দাবি, ফিলিং স্টেশনে গ্যাসের সরবরাহ স্বাভাবিক থাকলে তারা এমন ঝুঁকি নিতেন না।

যাত্রীরা এই পরিস্থিতিতে চরম আতঙ্ক ও ক্ষোভ প্রকাশ করেছেন। রফিকুল ইসলাম নামের এক যাত্রী জানান, গাড়ির ভেতরে সিলিন্ডার রাখা অত্যন্ত ভয়ংকর। চালককে জিজ্ঞেস করলে তারা গ্যাসের সংকটের কথা বলেন, কিন্তু দুর্ঘটনার দায়ভার কে নেবে তা নিয়ে প্রশ্ন থেকে যায়। শারমিন আক্তার নামের আরেক যাত্রী জানান, সিলিন্ডারটি ঠিক পেছনে থাকায় পুরো পথজুড়ে তিনি ভয়ে ছিলেন। এছাড়া আগে এই পথে ভাড়া ৪০ টাকা থাকলেও এখন ৫০ টাকা নেওয়া হচ্ছে, অর্থাৎ ঝুঁকি নিয়ে যাতায়াতের পাশাপাশি যাত্রীদের বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, শুধু অটোরিকশাচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকটের প্রকৃত কারণ অনুসন্ধান করে সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি যানবাহনে এভাবে ঝুঁকিপূর্ণ সিলিন্ডার ব্যবহার বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার ফিরোজ মিয়া সতর্ক করে বলেন, এলপি গ্যাস অত্যন্ত দাহ্য পদার্থ। পরিবহনের সময় সামান্য অসতর্কতা বা আগুনের সংস্পর্শে এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, যা যাত্রীবাহী অটোরিকশার ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আখন্দ জানান, যানবাহনে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ব্যবহার করা আইনত নিষিদ্ধ ও বেআইনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত অভিযান পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *