আসিয়ানের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করবে হংকং: জন লি - Mati News
Monday, August 10

আসিয়ানের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করবে হংকং: জন লি

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট-আসিয়ানের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার উদ্যোগ নিয়েছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। এ লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি ও লজিস্টিকসসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে হংকং প্রশাসন।

শুক্রবার আসিয়ান মহাসচিব কাও কিম হর্নের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের (এইচকেএসএআর) প্রধান নির্বাহী জন লি। বৈঠকে হংকং ও আসিয়ান সদস্যদেশগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জন লি বলেন, হংকং প্রশাসন বর্তমানে তাদের প্রথম পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে। এই পরিকল্পনার আওতায় আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, অর্থায়ন ও লজিস্টিকস খাতে বিনিময় ও সহযোগিতা আরও বাড়ানো হবে।

বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে হংকংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন জন লি। তিনি বলেন, হংকং একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ‘সুপার কানেক্টর’ ও ‘সুপার ভ্যালু-অ্যাডার’ হিসেবে কাজ করবে।

এশিয়ার অন্যতম প্রধান আন্তর্জাতিক আর্থিক, বাণিজ্যিক ও নৌপরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত হংকং। আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র হিসেবে এর অবস্থানকে কাজে লাগিয়ে চীনের মূল ভূখণ্ড ও বৈশ্বিক বাজারের মধ্যে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে কাজ করছে শহরটি।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *