চীনের ১৪০তম আমদানি ও রপ্তানি পণ্য মেলা, যা ক্যান্টন ফেয়ার নামে পরিচিত, আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তিনটি পর্বে কুয়াংচৌতে অনুষ্ঠিত হবে।
চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় আজ (শুক্রবার) বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং কুয়াংতুং প্রদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবারের ক্যান্টন ফেয়ারের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
জানা গেছে, এবারের মেলায় বিদেশি বাণিজ্যের নতুন প্রবণতার সঙ্গে সামঞ্জস্য রেখে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মান আরও উন্নত করা হয়েছে। মোট ৩২ হাজার প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। এর মধ্যে পেশাদার, বিশেষায়িত ও উদ্ভাবনী প্রতিষ্ঠান এবং নির্দিষ্ট ক্ষেত্রে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসহ ১১ হাজারের বেশি উচ্চমানের কোম্পানি রয়েছে।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের ৬৪ শতাংশ শিল্প ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করছে। প্রদর্শিত নতুন পণ্যের অংশ ২৩.২ শতাংশ এবং সবুজ পণ্যের অংশ ২৬ শতাংশে পৌঁছেছে—দুটি ক্ষেত্রেই এটি নতুন রেকর্ড।
এবারের ক্যান্টন ফেয়ারে প্রথমবারের মতো ২২টি স্মার্ট অ্যাপ্লিকেশন এবং ১৬টি বিশেষ এআই অ্যাপ্লিকেশন চালু করা হবে। এর মাধ্যমে পুরো প্রদর্শনী এলাকায় স্টল-ভিত্তিক নেভিগেশন এবং স্টলের অগমেন্টেড রিয়েলিটি বা এআর তথ্য প্রদর্শন ব্যবস্থা চালু করা হবে।
নতুন এসব প্রযুক্তির মাধ্যমে প্রদর্শনীতে অংশগ্রহণকারী ক্রেতা ও ব্যবসায়ীদের অভিজ্ঞতা আরও সহজ ও কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে।
সূত্র: সিএমজি
















