চীনে হামসহ প্রতিরোধযোগ্য রোগের হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে - Mati News
Saturday, May 16

চীনে হামসহ প্রতিরোধযোগ্য রোগের হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে

চীনের শক্তিশালী টিকাদান সেবা নেটওয়ার্কের ফলে হামসহ প্রতিরোধযোগ্য নানা রোগের হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে জনসাধারণের জন্য টিকার ধরন আরও উন্নত করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক বছরগুলোতে হামের প্রকোপ বেড়েছে। টিকা গ্রহণের হার কমে যাওয়া ও রোগপ্রতিরোধ ক্ষমতার ঘাটতিই এর প্রধান কারণ। তবে চীন এই রোগের প্রকোপ নিম্ন পর্যায়েই রাখতে সক্ষম হয়েছে।

২৫ এপ্রিল চীনের জাতীয় শিশু টিকাদান দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসনের মুখপাত্র সি চিংচিং জানান, সাম্প্রতিক বছরগুলোতে চীনের জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় টিকা গ্রহণের হার ৯০ শতাংশেরও বেশি রয়েছে। ফলে হাম, রুবেলা, মেনিনজাইটিস, জাপানিজ এনসেফালাইটিস এবং হেপাটাইটিস-এ-এর মতো টিকা দিয়ে প্রতিরোধযোগ্য রোগের প্রকোপ ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

তিনি বলেন, ‘চীন ইতোমধ্যে নবজাতকের টিটেনাস নির্মূল করতেও সক্ষম হয়েছে।’

সাউদার্ন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির জনস্বাস্থ্য ও জরুরি ব্যবস্থাপনা স্কুলের অধ্যাপক ফং চিচিয়ান বলেন, ‘দীর্ঘদিন শিশুদের মধ্যে হাম, মাম্পস ও রুবেলা টিকার হার ৯০ শতাংশের বেশি থাকায় চীনের রোগপ্রতিরোধী সুরক্ষা দেয়াল শক্তিশালী রয়েছে।’

চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান চিকিৎসক ইউ ওয়েনচৌ জানান, টিকা গ্রহণে যেন কেউ বাদ না পড়ে, সে জন্য অভিবাসী শিশু ও শ্রমজীবী পরিবারের রেখে যাওয়া শিশুদের টিকাদান ব্যবস্থাপনায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।

সূত্র: সিএমজি বাংলা

https://img2.chinadaily.com.cn/images/202604/24/69eac53ba310d68600fc3ee6.jpeg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *